আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। চলছে তুমুল যুদ্ধ। পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করছে ইউক্রেনের সামরিক বাহিনী। এদিকে ইউক্রেনের আকাশসীমায় রুশ বিমানবাহিনী খুব সামান্য নিয়ন্ত্রণ নিতে পেরেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে ইউক্রেনের মুনফিস এবং জুইস নামে দুই পাইলট এই মন্তব্য করেছেন।
যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নেওয়া পাইলট মুনফিস বলেন, আমাদের যোদ্ধাদের সমন্বিত প্রচেষ্টা এবং স্থল-আকাশ প্রতিরক্ষা বাহিনীর সমন্বয়ে; এটা সত্যিই খুব ভালো সংমিশ্রন, খুবই ভালো মিল। হ্যাঁ, এটা সত্য। আমরা এখন উপলব্ধি করছি—ইউক্রেনের আকাশসীমায় তাদের খুব সামান্য নিয়ন্ত্রণ আছে।
পা
ইলট জুইস বলেন, রুশ বিমানবাহিনীর যেখানে নিয়ন্ত্রণ আছে তাহলো মারিউপোল এবং খারকিভ। সেখানে তারা নির্বিচারে বোমা ফেলছে। তবে এখন পর্যন্ত সমন্বিত প্রচেষ্টায় রুশ বাহিনীকে তারা ইউক্রেনের আকাশ থেকে তাড়াতে সক্ষম হয়েছেন বলেও মন্তব্য করেন।
পশ্চিমা দেশগুলো আকাশ প্রতিরক্ষা সহায়তা দিলে সেটা ‘আশীর্বাদ’ হবে মন্তব্য করে তিনি বলেন, তাদের আরও যুদ্ধবিমান এবং উন্নত প্রযুক্তি প্রয়োজন।
পাইলট জুইস বলেন, প্রথম সমস্যা হলো আমাদের যুদ্ধবিমানের সংখ্যা। দুর্ভাগ্যবশত রাশিয়ার বিমান বাহিনী প্রযুক্তিতে উন্নত। বিমান দেখিয়ে তিনি বলেন, এই ধরনের শিশু যথেষ্ট নয়। আমাদের আরও উন্নতমানের বিমান দরকার।