আন্তর্জাতিক ডেস্ক: আগামী ৯ মে'র মধ্যে যুদ্ধ শেষ করতে চায় রাশিয়া। এমনটাই দাবি ইউক্রেনের সংবাদমাধ্যমের। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ঢুকে পড়েছিল রুশ সেনা। দেখতে দেখতে ১ মাস পূর্ণ হয়েছে যুদ্ধের। কবে থামবে এই লড়াই? এই নিয়ে নানা গুঞ্জনের মাঝেই দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট-এর দাবি, রুশ সেনাবাহিনীকে নির্দেশ ৯ মের মধ্যেই ইউক্রেনকে হারিয়ে দিতেই হবে।
কিন্তু কেন ৯ মে? আসলে ওইদিনই নাৎসি জার্মানিকে পরাজিত করেছিল। সেই ইতিহাসের মাইলফলককে মাথায় রেখেই তার মধ্যেই এবারের যুদ্ধও শেষ করতে চান পুতিন। কিয়েভের ওই সংবাদমাধ্যমের দাবি, ইউক্রেনের সেনাবাহিনীর গোয়েন্দা দপ্তর জানতে পেরেছে রুশ সেনাকে জানিয়ে দেওয়া হয়েছে যুদ্ধ শেষ করতেই হবে ওই তারিখের মধ্যে। আসলে বরাবরই ইউক্রেন হামলাকে 'নব্য নাৎসি'মুক্ত করার প্রকল্প হিসেবে প্রচার দেখা গিয়েছে পুতিনকে।
সেই হিসেবে তিনি ইউক্রেন প্রশাসনকে নাৎসিদের সঙ্গেই তুলনা করেছেন। এই যুদ্ধকে আরও একবার নাৎসিদের হারানোর লক্ষ্য বলেই বোঝাতে চেয়েছেন। সম্প্রতি সোভিয়েত ইউনিয়নের হামবুর্গের উপরে বোমাবর্ষণের সঙ্গে খারকভে রুশ সেনার হামলার তুলনা করেছিল খোদ ইউক্রেনই। যার পরে বিদ্রুপের শিকার হতে হয়েছিল, তাহলে কি 'নাৎসি জার্মানি'ই আজকের ইউক্রেন? সূত্র : ইন্ডিয়া টুডে