শুক্রবার, ২৫ মার্চ, ২০২২, ০৪:৩৩:৫৩

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অর্থমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে ব্রিটেন

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অর্থমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক: বিপাকে পড়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনক। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ব্রিটিশ সরকার নানা আর্থিক বিধিনিষেধ চাপিয়েছে রাশিয়ার উপরে। রাশিয়ার সঙ্গে আর্থিক লেনদেন বন্ধ করা হয়েছে ব্রিটিশ সরকারের তরফ থেকে। এই পরিস্থিতিতে ঋষির সঙ্গে ভারতীয় সংস্থা ইনফোসিসের যোগসূত্র নিয়ে প্রশ্ন উঠেছে। 

ঋষির বিরুদ্ধে অভিযোগ, তিনি রাশিয়ার কাছ থেকে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন। প্রসঙ্গত, ঋষি সুনক হলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ভারতীয় তথ্যপ্রযুক্তি কোম্পানি ইনফোসিসের। ঋষির স্ত্রী অক্ষতা মূর্তি ইনফোসিসের অন্যতম অংশীদার। ঋষি বলেছেন, “আমি কোনওভাবেই ইনফোসিসের সঙ্গে যুক্ত নই।” 

তাকে ইনফোসিস সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, ব্রিটেন তো রাশিয়ার বিরুদ্ধে আর্থিক বিধিনিষেধ চপিয়েছে। দেশের নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে রাশিয়ার সঙ্গে কোনওরকম আর্থিক সম্পর্ক যেন না রাখা হয়। সেখানে অর্থমন্ত্রী হয়ে তিনি কি নির্দেশ অমান্য করছেন না? এই প্রশ্নের জবাবে ঋষি বলেন, “আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এই সাক্ষাৎকার দিতে এসেছি। আমার যা দায়িত্ব শুধু তা নিয়েই আমি কথা বলব। আমার স্ত্রী জনপ্রতিনিধি নন।” 

মস্কোয় ইনফোসিসের অফিস আছে এবং রুশ ব্যাংক আলফার সঙ্গেও ভাল যোগাযোগ রয়েছে এই ভারতীয় সংস্থার। এই তথ্যগুলি ঋষির সামনে তুলে ধরেন সংশ্লিষ্ট সাংবাদিক। তারপরেই ঋষির দিকে প্রশ্ন ধেয়ে আসে, ভ্লাদিমির পুতিনের দেশ থেকে তিনি কি আর্থিক ভাবে লাভবান হননি? তবে ঋষির তরফ থেকে সদর্থক জবাব পাওয়া যায়নি। তিনি এই প্রশ্নের উত্তরে শুধু বলেন, “আমি মনে করি না আপনি যা বলছেন তা সঠিক।” 

ইনফোসিসের তরফ থেকেও এই প্রসঙ্গে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, “রাশিয়া-ইউক্রেনের সংঘাতে আমরা শান্তির পক্ষে। রাশিয়ায় খুব কম সংখ্যায় ইনফোসিসের কর্মীরা নিযুক্ত আছেন। তারা আন্তর্জাতিক পর্যায়ে কিছু ক্লায়েন্টকে পরিষেবা দেন।” রাশিয়ার সঙ্গে প্রত্যক্ষ ভাবে তাদের কোন যোগাযোগ নেই বলে দাবি করেছে ইনফোসিস। রাশিয়ার স্থানীয় সংস্থাগুলির সঙ্গেও তাদের কোনও বাণিজ্যিক সম্পর্ক নেই বলেও জানিয়েছে ইনফোসিস। যদিও ঋষি সুনককে নিয়ে আলাদা কোনও মন্তব্য করেনি ইনফোসিস। সূত্র : বিবিসি হিন্দুস্তান টাইমর্স

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে