আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বৃহত্তম জ্বালানি তেলের ডিপো ধ্বংস করেছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ। তিনি বলেন, ২৪ মার্চ রাতে ইউক্রেনের বৃহত্তম জ্বালানি তেলের ডিপো ধ্বংস করেছে রুশ সেনারা। রাজধানী কিয়েভের সংলগ্ন ক্যালিনোভকায় ছিল এই ডিপোর অবস্থান।
কোনাশেনকভ বলেন, 'সমুদ্রভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ক্যালিব্রি হাই প্রিসিশন মিসাইল ব্যবহার করে ডিপোটি ধ্বংস করা হয়েছে। এখান থেকেই ইউক্রেনের সেনাবাহিনী ও দেশটির মধ্যাঞ্চলে জ্বালানি তেল সরবরাহ করত দেশটির সরকার।' রাশিয়ার এই দাবি সম্পর্কে বিস্তারিত জানতে কিয়েভের সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল সিএনএন, তবে কোনো কর্মকর্তা মন্তব্য করতে সম্মত হননি। সূত্র : দ্য গার্ডিয়ান