শনিবার, ২৬ মার্চ, ২০২২, ০৩:৩৬:৫৫

কিম জং উনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে ক্ষুব্ধ ভারত

কিম জং উনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে ক্ষুব্ধ ভারত

আন্তর্জাতিক ডেস্ক: মিসাইল উৎক্ষেপণ নিয়ে জাতিসংঘে উত্তর কোরিয়ার বিরুদ্ধে তোপ দাগল ভারত। শুক্রবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, নতুন আন্তর্মহাদেশীয় মিসাইল ছুঁড়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি প্রস্তাবের বিরুদ্ধাচরণ করেছে কিম জং উনের দেশ।

বৃহস্পতিবার জাতিসংঘ ও আমেরিকাকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে আবারও মিসাইল উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। ২০১৭ সালের পরে এত বড় ক্ষেপণাস্ত্র আর ছুঁড়তে দেখা যায়নি কিং জং উনের দেশকে। জাপান প্রশাসনের তরফে জানানো হয়েছে এই নতুন ধরনের আন্তর্মহাদেশীয় মিসাইল যাকে ICBM বলা হয়, সেটি ১ হাজার ১০০ কিমি দূরত্বেও নিখুঁত ভাবে নিশানা ভেদ করার ক্ষমতা রাখে। 

৬ হাজার কিলোমিটার উচ্চতাতেও এটি কর্মক্ষম। ২০১৭ সালে ৪ হাজার ৪৭৫ কিমি উচ্চতায় ৯৫০ কিমি দূরত্বের পাল্লার মিসাইল ছুঁড়েছিল উত্তর কোরিয়া। এই ঘটনার পরই উত্তর কোরিয়া ও মিসাইল প্রযুক্তির অবাঞ্ছিত বিস্তার নিয়ে আলোচনায় বসে জাতিসংঘ। 

জাতিসংঘের বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি বলেন, “উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণের নিন্দা করছে ভারত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি প্রস্তাবের বিরুদ্ধাচরণ করেছে দেশটি। এর ফলে আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি বিঘ্নিত হবে। এই পদক্ষেপের প্রভাব বিশ্বের অন্য জায়গায়ও পড়বে।” 

পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে তোপ দেগে তিরুমূর্তি আরও বলেন, “এই উৎক্ষেপণের প্রভাব ভারতের উপরও পড়বে। ফলে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। ” তিনি আরও জানান, মানবিকতার খাতিরে উত্তর কোরিয়াকে ত্রাণ পাঠায় ভারত। কোনও কারণেই কোরীয় উপদ্বীপের শান্তি বিঘ্নিত হোক তা চায় না নয়াদিল্লি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে