আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের মুসলমানদের আসন্ন পবিত্র রোজার মাসেও লড়াই করতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে এই পবিত্র রমজান মাসে যেন ইউক্রেনের মানুষের ওপর দুর্দশার ছায়া না পড়ে।
শনিবার (২৬ মার্চ) কাতারের দোহা ফোরামে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। এমন খবর জানিয়েছে আল জাজিরা। জেলেনস্কি বলেন, তারা আমাদের বন্দর ধ্বংস করছে। ইউক্রেন থেকে রপ্তানি পণ্যের অনুপস্থিতি বিশ্বের দেশগুলোকে একটি ধাক্কা দিবে।
তিনি বলেন, ইউরোপের ভবিষ্যৎ আপনাদের প্রচেষ্টার ওপর নির্ভর করে। তিনি দেশগুলোকে তাদের জ্বলানি সরবরাহ বাড়ানোর আহ্বান জানান। কেননা কাতার প্রাকৃতিক গ্যাস রফতানিতে বিশ্ব নেতৃত্ব দিচ্ছে।
বিশ্বকে পারমাণবিক অস্ত্রের হুমকি দেখানোয় তিনি রাশিয়ার সমালোচনা করেন। জেলেনস্কি আরও বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে এ আস্ফালন করেছে যে, তারা পারমাণবিক অস্ত্র দিয়ে শুধু একটি নির্দিষ্ট দেশ নয়, পুরো গ্রহকে ধ্বংস করতে পারে। জাতিসংঘ ও বিশ্বশক্তিকে দেশটির সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।