রবিবার, ২৭ মার্চ, ২০২২, ১১:৫২:০৪

চীন ও বাংলাদেশ নিকট প্রতিবেশী, ঐতিহ্যগতভাবে মিত্র: চীনের প্রেসিডেন্ট

চীন ও বাংলাদেশ নিকট প্রতিবেশী, ঐতিহ্যগতভাবে মিত্র: চীনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সাথে ‘কৌশলগত’ অংশীদারিত্বকে আরও বিস্তৃত পরিসরে নিতে একসঙ্গে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বাংলাদেশ-চীন কৌশলগত সম্পর্ক ও সহযোগিতাকে নতুন উচ্চতায় এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন। খবর বাসসের।

বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস  উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে লেখা এক চিঠিতে তিনি এ কথা উল্লেখ করেন। চীনা প্রেসিডেন্ট বলেছেন, চীন ও বাংলাদেশ নিকট প্রতিবেশী, ঐতিহ্যগতভাবে মিত্র ও কৌশলগত অংশীদার। সম্প্রতি বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অধীনে দ্বিপাক্ষিক সহযোগিতা মসৃণভাবে এগিয়ে যাচ্ছে। এটা পারস্পরিক সম্পর্ককে গতিশীল করছে এবং দুই দেশের জনগণের মঙ্গল হচ্ছে।

চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আজ রবিবার এই চিঠি প্রকাশ করা হয়। এতে শি জিনপিং আরও বলেন, চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নকে আমি অত্যন্ত গুরুত্ব দেই। বাংলাদেশের অর্জন চীনের জন্য ভীষণ প্রশান্তিদায়ক বলেও চিঠিতে উল্লেখ করেন চীনের রাষ্ট্রপতি।

চীনের প্রেসিডেন্ট আরও বলেন, “বাংলাদেশ সরকার কোভিড-১৯ মোকাবেলায় এবং সামাজিক-অর্থনৈতিক অগ্রগতিতে সক্রিয় ব্যবস্থা নিয়েছে, যার ফলে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। এবং বাংলাদেশ ‘সোনার বাংলার’ স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এই অর্জন চীনের জন্য খুবই আনন্দের বিষয়।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে