সোমবার, ২৮ মার্চ, ২০২২, ০১:২৫:৫৯

ইউক্রেনকে কোরিয়ার মতো দুই টুকরো করবে রাশিয়া : কিয়েভ গোয়েন্দা প্রধান

ইউক্রেনকে কোরিয়ার মতো দুই টুকরো করবে রাশিয়া : কিয়েভ গোয়েন্দা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ বলছেন, রাজধানী কিয়েভসহ প্রধান শহরগুলো দখলে নিয়ে তার দেশের বৈধ সরকারকে উৎখাত করতে ব্যর্থ হয়ে রাশিয়া এখন ইউক্রেনে 'উত্তর ও দক্ষিণ কোরিয়ার মতো পরিস্থিতি' সৃষ্টি করতে চাইছে।

কিরিলো বুদানভের ভাষায়, ভ্লাদিমির পুতিন 'পুরো ইউক্রেনকে গিলতে পারবেন না', তাই তিনি পূর্ব ও দক্ষিণাঞ্চল এবং দেশটির বাকি অংশের মাঝখানে একটা বিভক্তি রেখা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তার মতে, রুশ অগ্রাভিযান স্থবির হয়ে পড়ার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অগ্রাধিকার হচ্ছে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাংশ।

তিনি যদি এই অঞ্চলটাকে সংযুক্ত করতে পারেন, তা হলে একে ইউক্রেনের বাকি অংশ থেকে আলাদা করে মস্কো-নিয়ন্ত্রিত একটি অঞ্চল সৃষ্টি করতে চেষ্টা করবেন, অনেকটা কোরিয়া যুদ্ধের পর যেমন হয়েছিল। জেনারেল বুদানভ বলেন, এ রকম কোনো রাষ্ট্র স্থাপনের চেষ্টা টেকসই হবে না। কারণ স্থানীয় জনগণ একে প্রতিহত করবে। 

তিনি আরও বলেন, তার দেশ শিগগিরই রুশ-অধিকৃত এলাকায় গেরিলা যুদ্ধ শুরু করবে। রাশিয়ার আসল সমস্যা হচ্ছে পূর্বাঞ্চল ও ক্রাইমিয়ার মধ্যে একটি স্থল করিডোর প্রতিষ্ঠা ও চালু রাখা। তবে এর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে মারিওপোল, যাকে কোনো রকমেই ভাঙা যাচ্ছে না। সূত্র : বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে