আন্তর্জাতিক ডেস্ক: আপনার ফোনে কি অর্থ লেনদেনের মতো অনলাইন লেনদেনের অ্যাপ রয়েছে? সেক্ষেত্রে কিছু নিয়ম অবশ্যই মেনে চলুন। নয় তো মুহূর্তের অসতর্কতায় হাওয়া হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা। অনলাইন লেনদেন বাড়ছে। সেই সঙ্গেই বাড়ছে অনলাইনে জালিয়াতির সংখ্যা।
বেশিরভাগ অনলাইন জালিয়াতির ক্ষেত্রেই কিন্তু তা আগে থেকেই ধরা সম্ভব। শুধু প্রয়োজন একটু সতর্কতার। আর সেই স্বার্থেই এই তালিকা। জরুরী ৫টি পরামর্শ, ফোনে অর্থ লেনদেনের মতো অ্যাপ থাকলে সতর্ক থাকুন। অনলাইনে লেনদেনের ক্ষেত্রে কোন কোন নিয়ম মেনে চলা জরুরী? জেনে নিন এক নজরে।
স্ক্রিন লক: ফোনে অনলাইন লেনদেনের অ্যাপ আছে? সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনলকের ব্যবস্থা করে রাখুন। এর ফলে ফোন চুরি বা অজান্তে কারও হাতে গেলেও ভয় কম। পিন: অ্যাপের পিন একান্তই আপনার। ফোন করে কাস্টমার কেয়ার বলে পরিচয় দিলেও এই লিঙ্ক কখনই শেয়ার করবেন না।
শিশুদের থেকে ইউপিআই অ্যাপ লুকিয়ে রাখুন: বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে, শিশুরা মনের খেয়ালে ইউপিআই অ্যাপের মাধ্যমে অনেক টাকার অনলাইন শপিং, খরচ করে ফেলেছে। তাই এ বিষয়ে সতর্ক থাকুন।
অজানা লিঙ্ক এড়িয়ে চলুন: ফরোয়ার্ড করা মেসেজ এসেছে। তাতে লেখা, 'এই লিঙ্কে ক্লিক করুন! আপনি একটি ... জিতেছেন।' এমন লিঙ্ক দেখলে সঙ্গে সঙ্গে এড়িয়ে চলুন। যিনি পাঠিয়েছেন তাকেও সাবধান করুন।
এমন অজানা লিঙ্ক থেকে আইফোন তো পাবেনই না, বরং আইফোনের দামের কয়েক গুণ টাকা আপনার অ্যাকাউন্ট থেকেই সরিয়ে দিতে পারে হ্যাকাররা। একইভাবে কোনও অচেনা নম্বর/প্রোফাইল থেকে পাঠানো মেসেজ বা ইমেলের লিঙ্কে কখনই ক্লিক করবেন না।
ভালো করে দেখে টাকা পাঠান: অনেক সময়ে প্রতারকরা টাকা রিকোয়েস্ট করে দেয়। খেয়াল না করে তা অ্যাকসেপ্ট করে ফেললেই টাকা চলে যায়। ফলে অ্যাপ ব্যবহার করার সময়ে পূর্ণ সতর্ক থাকুন। কাকে টাকা পাঠাচ্ছেন তা বারবার যাচাই করে নিন।