আন্তর্জাতিক ডেস্ক : ন্যাশনাল হেরাল্ড মামলায় তিন ঘণ্টা ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জিজ্ঞাসাবাদ পর্ব শেষে সোমবার দুপুরে দিল্লির এ পি জে আব্দুল কালাম রোডের ইডি দপ্তর ছেড়ে চলে যান তিনি।
ইডির হাজিরার নোটিশ মেনে সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ সংস্থাটির দপ্তরে যান রাহুল। কংগ্রেস নেতাকর্মীদের নিয়ে মিছিল করে তিনি সেখানে যান।
এদিন কংগ্রেসের কয়েকজন নেতাকে আটক করে তুঘলক রোড পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। তাদের সঙ্গে দেখা করতে যান প্রিয়াঙ্কা গান্ধী।
ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে অর্থ লেনদেনে জড়িত থাকার অভিযোগে রাহুলকে জিজ্ঞাসাবাদের জন্য গত ২ জুন তলব করে ইডি। কিন্তু বিদেশে থাকার সময় ১ জুন ইডির নোটিশ পেয়ে রাহুল জানিয়ে দিয়েছিলেন, ২৪ ঘণ্টার নোটিশে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়।
গত শুক্রবার রাহুলকে নতুন নোটিশ পাঠিয়ে সোমবার হাজির হতে বলা হয়। সেই নোটিশ মেনেই এদিন ইডি দপ্তরে যান তিনি। সূত্র : আনন্দবাজার পত্রিকা