আন্তর্জাতিক ডেস্ক: অচেনা-অজানা রাস্তায় গাড়ি নিয়ে যাতায়াত করায় বৈপ্লবিক বদল এনেছে গুগল ম্যাপ। রাস্তার যানজট থেকে, খানাখন্দ সব কিছু নিয়েই আগেভাগে সতর্ক করে দেয় গুগল ম্যাপ। এ বার সেই তালিকা আরও বর্ধিত হল।
এবার থেকে কোন রাস্তায় কত টাকা টোল ট্যাক্স কাটতে হবে, তাও বলে দেবে গুগল ম্যাপ। বৈপ্লবিক বদল, কথা দিয়ে কথা রাখলো গুগল। চলতি বছরের এপ্রিল মাসেই প্রথম এই পরিষেবা শুরু করার ঘোষণা করেছিল বিশ্বের অন্যতম প্রধান তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল।
প্রায় দুই মাসের মাথায় অ্যান্ড্রয়েড ও আইওএস সফ্টওয়ারের জন্য এই পরিষেবার সূচনা করলেন গুগল কর্তৃপক্ষ। এই পরিষেবায়, কোন রাস্তায় টোল নেওয়া হবে আর কোন রাস্তায় নেওয়া হবে না তাও এক ঝলকেই দেখতে পাবেন যাত্রীরা। সঠিক তথ্য পাওয়ার জন্য গুগল নিয়মিত স্থানীয় ভাবে টোল কেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগ রাখবে।
বর্তমানে নয়া বৈশিষ্ট্য যুক্ত হল গুগল ম্যাপে চারটি দেশ। ভারত, আমেরিকা, জাপান ও ইন্দোনেশিয়ায় এই পরিষেবা শুরু করছে গুগল। ভবিষ্যতে বিশ্বের অন্য দেশেও এই পরিষেবা ছড়িয়ে দিতে চান বলে গুগল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। সূত্র : এবিপি