আন্তর্জাতিক ডেস্ক: পাত্র-পাত্রীর পরিবারই ঠিক করেছিল বিয়ে। তবে ভিসার দীর্ঘ জটিল প্রক্রিয়া। অবশেষে সব বাধা পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে এলেন সুমাইলা। পাঞ্জাবের জালন্ধরের কমল কল্যাণের সঙ্গে বিয়ে হবে তার। বিয়ে করতে বুধবার আট্টারি সীমান্ত পেরিয়ে ভারতে এলেন পাকিস্তানি তরুণীলা।
তাকে স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন হবু স্বামী কল্যাণ আর তার পরিবারের লোকজন। সুমাইলা বললেন, ‘‘আমায় পুত্রবধূ হিসাবে নয়, বরং মেয়ে হিসাবেই সবাই অভ্যর্থনা জানালেন। দারুণ লাগছে। মনে হচ্ছে, আমি আমার নিজের পরিবারের সঙ্গেই রয়েছি। কেউ অচেনা নন। সকলেই আমার কাছের জন।’’
সুমাইলা পাকিস্তানের লাহৌরের বাসিন্দা। আর কল্যাণ ভারতের পাঞ্জাবের জালন্ধরের। সেখানে তাদের গাড়ি বিক্রির দোকান রয়েছে। সুমাইলা জানালেন, ‘‘বিয়েটা ঠিক করেছে পরিবারের লোকজন। মাঝেমধ্যেই কথা হত দুইজনের। ভিডিও চ্যাট হত।’’ কল্যাণের কথায়, ‘‘বাবা যা বলেছিলেন, তাই করেছি।’’
সুমাইলা জানালেন, বার বার ভারতে ভিসার আবেদন করেও পাননি। পরিবারের অনেকেই বিয়েতে যোগ দিতে জালন্ধরে আসতে চেয়েছিলেন কিন্তু পারেননি। বন্ধু, পরিবারের বাকি সদস্যরা আট্টারি এসে সুমাইলাকে বিদায় জানিয়ে গিয়েছেন। সূত্র: এবিপি