শুক্রবার, ০৮ জুলাই, ২০২২, ০১:২৭:১৯

বরিস জনসনের পদত্যাগ, ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে এই ৭ নেতা

বরিস জনসনের পদত্যাগ, ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে এই ৭ নেতা

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে শেষ পর্যন্ত ইস্তফা দিলেন বরিস জনসন। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে প্রধানমন্ত্রী হিসেবে শেষ বক্তৃতা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জানালেন, প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।

তবে তার কনজারভেটিভ পার্টি যত দিন না নতুন নেতা নির্বাচিত করছে, তত দিন তিনিই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসাবেই থাকতে চান বলেও জানিয়েছেন বরিস। বরিস জানান, প্রধানমন্ত্রী পদে থেকে যা যা কাজ করতে পেরেছেন সে জন্য তিনি গর্বিত।

নিজের ভাষণে বরিস বলেন, ‘‘এটা এখন আমার কাছে স্পষ্ট যে আমার এমপি-রা আমাকে দল বা দেশের নেতা হিসেবে দেখতে চান না।’’ বরিসকে যে সরে যেতে হবে তা ক্রমশ স্পষ্ট হয় গত কয়েক দিনে সরকারের বিভিন্ন স্তরের মন্ত্রী ও কর্মকর্তাদের লাগাতার ইস্তফার পর।

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, অর্থমন্ত্রী ঋষি সুনকের ইস্তফার পর যাকে সেই পদে বসানো হয়, তিনিও বরিসের ইস্তফার দাবি করতে থাকেন। সরকারের বিভিন্ন স্তরের মন্ত্রী ও কর্মকর্তা মিলিয়ে প্রায় ৫০ জনের ইস্তফার পর শেষ পর্যন্ত পদত্যাগে রাজি হন বরিস। 

তারপরই ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অস্থায়ী পোডিয়ামে নিজের সরে যাওয়ার ঘোষণা করেন তিনি। ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন আরও কয়েক জন। তবে বেশি চর্চায় ৭টি নাম। বরিস জনসনের পদত্যাগের পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে এই ৭ নেতা।

তাদের মধ্যে অন্যতম, সদ্য প্রাক্তন অর্থমন্ত্রী তথা ভারতীয় তথ্যপ্রযুক্তি কোম্পানি ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাই ঋষি সুনক, সাবেক লেভেলিং আপ সেক্রেটারি মাইকেল গোভ, আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী পেনি মোরডন্ট, সাবেক বিদেশমন্ত্রী লিজ ট্রুস, ফরেন অ্যাফেয়ার্স চেয়ার টম টুগেনঢাট, প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস, বর্তমান অর্থমন্ত্রী নাধিন জাহাউয়ি। 

এই ৭ জন ছাড়াও সাবেক মন্ত্রী জেরেমি হান্ট ও সাজিদ জাভিদ, দুইজনেই আগের বার কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার দৌড়ে ছিলেন। তাই তারা এ বারও দৌড়ে থাকতে পারেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে