সোমবার, ১১ জুলাই, ২০২২, ০৩:১৬:৪৯

সরকারি বাসভবন ছেড়ে মাঝসমুদ্রে আত্মগোপনে লঙ্কান প্রেসিডেন্ট

সরকারি বাসভবন ছেড়ে মাঝসমুদ্রে আত্মগোপনে লঙ্কান প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল জনবিক্ষোভের মুখে সরকারি বাসভবন ত্যাগ করা লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে নৌবাহিনীর একটি জাহাজে আত্মগোপন করেছেন। জাহাজটি বর্তমানে দেশটির সমুদ্রসীমার ভেতরে কোনো একটি এলাকায় রয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। শনিবার (০৯ আগস্ট) দুপুরের দিকে গোতাবায়ার পদত্যাগের দাবিতে তার সরকারি বাসভবন ঘেরাও করতে হাজির হন একদল বিক্ষোভকারী; কিন্তু গোয়েন্দাসূত্রে এই তথ্য জেনে একদিন আগেই বাসভবন ত্যাগ করেছিলেন গোতাবায়া।

এরপর সরকারি বাসভবন ছেড়ে মাঝসমুদ্রে আত্মগোপন করেন লঙ্কান প্রেসিডেন্ট। প্রথম তিনি সামরিক বাহিনীর সদরদপ্তরে আশ্রয় নিয়েছিলেন; কিন্তু পরে প্রতিরক্ষা বাহিনীর সূত্রের কাছ থেকে তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় বিবিসি।

শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয় চলতি বছর মার্চ থেকে। শুরু থেকেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং তার বড় ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের দাবি করে আসছিলেন বিক্ষোভকারীরা।

গত মে মাসে মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হলেও গোতাবায়া এতদিন নিজের পদে অনড় ছিলেন। রোববার শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন, আগামী ১৩ জুলাই পদত্যাগ করবেন প্রেসিডেন্ট, গোতাবায়া অবশ্য এখন পর্যন্ত এ বিষয়ক কোনো বিবৃতি দেননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে