স্পোর্টস ডেস্ক: ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে পালিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচি। আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে স্বাধীনতা লাভের পর ৭৫ বছরে ভারতীয় ক্রিকেটের অগ্রগতির বিষয়টি তুলে ধরা হয়েছিল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
সেখানে উপস্থিত ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ অনেকেই। এবার বিসিসিআইয়ের কাছে বিশেষ অনুরোধ গেল ভারতীয় কেন্দ্রীয় সরকারের তরফে। বিসিসিআই সূত্রে খবর, স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে ভারত বনাম বিশ্ব একাদশের মধ্যে একটি ম্যাচ আয়োজন করতে বলা হয়েছে।
বিসিসিআইও ইতিবাচকভাবেই বিষয়টি নিয়ে এগোচ্ছে। আগস্টে ভারতীয় দল জিম্বাবুয়ে সফরে থাকবে। তবে সেখানে ভারতের দ্বিতীয় সারির দল যাবে। রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্থের মতো ক্রিকেটারদের ওই সিরিজে পাঠানো হবে না।
ফলে সরকারের অনুরোধ রক্ষা করে যে ম্যাচটি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে তাতে অংশ নিতে ভারতীয় দলের সব ক্রিকেটারকেই অনুরোধ করা হবে। যারা জিম্বাবুয়ে সফরে থাকবেন তারাই শুধু খেলতে পারবেন না। জিম্বাবুয়েতে তিন ম্যাচের সিরিজ ২০ আগস্ট শেষ হবে।
ফলে ক্রিকেটারদের ফিরতে ২২ আগস্ট হয়ে যেতে পারে। তবে এই ঐতিহাসিক ম্যাচ আয়োজনে ভারতীয় দল গঠনে সমস্যা হবে না। কারণ, এশিয়া কাপ ২৭ আগস্ট থেকে শুরু। পূর্ণশক্তির ভারতীয় দল এশিয়া কাপে যাওয়ার আগেই হবে ম্যাচটি।
তবে বিসিসিআই চাইছে নামজাদা আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়েই বিশ্ব একাদশ দলটি গড়তে। দেখে নেওয়া হচ্ছে কোন দলের ওই সময় কোথায় ম্যাচ রয়েছে। ইংল্যান্ডে ঘরোয়া ক্রিকেট চলবে। ওয়েস্ট ইন্ডিজে শুরু হয়ে যাবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগও।
এসবের মধ্যে ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে যে ম্যাচটি হতে চলেছে তাতে বিশ্ব ক্রিকেটের তারকাদের হাজির করানোর চেষ্টায় বিসিসিআই। চলতি মাসের ২৫ ও ২৬ তারিখ বার্মিংহ্যামে আইসিসির বোর্ড মিটিং রয়েছে।
আইসিসির বার্ষিক কনফারেন্স ২২ জুলাই থেকে। তাতে যোগ দেবেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সচিব জয় শাহ। বোর্ডসূত্রে খবর, ওই বৈঠকের আগেই বোর্ডের শীর্ষকর্তারা বার্মিংহ্যামে পৌঁছে যাবেন।
সেখানে গিয়ে অন্য বোর্ডের শীর্ষকর্তাদের সঙ্গেও ভারত বনাম বিশ্ব একাদশ ম্যাচ আয়োজনের পরিকল্পনা নিয়ে কথা বলবেন সৌরভ-জয়রা। এমনকী ওই ম্যাচ খেলতে গিয়ে কোনও ক্রিকেটার যাতে আর্থিকভাবেও ক্ষতির মুখে না পড়েন তার নিশ্চয়তা দেওয়া হবে বিসিসিআইয়ের তরফে।
অন্য বোর্ডগুলিকে অনুরোধ করা হবে এই ম্যাচটির জন্য ক্রিকেটারদের ছাড়ার জন্য। এই ম্যাচটিকে ফ্রেন্ডলি না আন্তর্জাতিক টি ২০ ম্যাচের তকমা দেওয়া হবে সেটা পরিষ্কার নয়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেই হতে পারে এই ম্যাচটি। ১৫ আগস্ট ঐতিহাসিক ম্যাচ আয়োজন করতে চলেছে বিসিসিআই।