আন্তর্জাতিক ডেস্ক: ক্রমশ রাজনৈতিক সংকট গভীর হচ্ছে শ্রীলঙ্কায়। গত মে মাসে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করেছেন। সরকার বিরোধী বিক্ষোভের মুখে শনিবার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করেন বলে জানা গেছে।
এই অবস্থায় শ্রীলঙ্কায় সেনা পাঠাচ্ছে কি ভারত? যা জানালো ভারতের বিদেশ মন্ত্রনালয়। এদিন ভারতের তরফে স্পষ্ট করা হয়, সংক'টে শ্রীলঙ্কার মানুষের পাশে আছে ভারত কিন্তু সেদেশে সেনা পাঠানোর পরিকল্পনা নেই। সোমবার এই বিষয়ে কলম্বোর ভারতীয় হাই কমিশনের তরফে বিবৃতি জারি করা হয়।
সেখানে বলা হয়, “সোশ্যাল মিডিয়া খবর ছড়িয়েছে শ্রীলঙ্কায় সেনা পাঠাচ্ছে ভারত। এই জল্পনা সত্যি নয়। দ্বীপরাষ্ট্রে বর্তমান পরিস্থিতিতে ভারত সরকারের ভাবনার সঙ্গে এমন খবরের কোনও যোগসূত্র নেই।” এছাড়াও দিল্লীর তরফে বলা হয়, “ভারত শ্রীলঙ্কার মানুষের পাশে রয়েছে। তারা গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমে দেশের উন্নতি চাইছেন।”
বিদেশ মন্ত্রনালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি আরও বলেন, “ভারত ও শ্রীলঙ্কার নিকট প্রতিবেশী। বহু বিষয়ে শ্রীলঙ্কার সঙ্গে একাত্ব বোধ করে ভারত। শ্রীলঙ্কার মানুষ বর্তমানে একটা খারাপ সময়ের মধ্যে যাচ্ছেন। গোটা বিষয়ে গভীর নজর রয়েছে ভারতের।”