আন্তর্জাতিক ডেস্ক: তিন চাকার এক অটো, তাতে চারজন বসার মতো জায়গা রয়েছে। কোথাও কোথাও পাঁচজন যাত্রী নিয়ে নেন চালক। এমন একটি অটোতে আর কতজন যাত্রী বসতে পারে? ২৭ জন বসতে পারে? হ্যাঁ, পারে।
বিশ্বাস হচ্ছে না? কোনও সিনেমার কল্পকাহিনি বা রটনা নয়, এমন ঘটনা ঘোর বাস্তব। আর তা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা গিয়েছে, ভিডিওটি উত্তরপ্রদেশের বিন্দি কোতওয়ালি থানা এলাকায়। যেখানে অটো আটকে ছিলেন স্থানীয় এক পুলিশকর্মী। এক অটোয় ২৭ জন যাত্রী দেখে হতবাক পুলিশ।
অটোটি দেখেই পুলিশের সন্দেহ হয়েছিল। সেই কারণেই তা থামিয়ে দেন। তারপর একে একে যাত্রীদের নামাতে থাকেন আর সংখ্যা গুনতে থাকেন। মোট ২৬ জন যাত্রী ছিল ছোট্ট অটোটিতে। আর একজন চালক। সবমিলিয়ে মোট ২৭ জন যাত্রী নিয়ে যাচ্ছিল অটোটি। ভিডিও দেখা যা বোঝা যাচ্ছে, যাত্রীদের মধ্যে অনেকেই নাবালক ছিল।
টুইটার থেকে যা জানা যাচ্ছে, সেই অনুযায়ী যাত্রীদের নামিয়ে অটোটি আটক করা হয়। তবে ভিডিওর শেষে চালককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার হদিশ পুলিশকর্মী পেয়েছিলেন কিনা, সেই সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
একজন অটোটিকে মিনিবাস আখ্যা দিয়েছেন। একজন আবার এই পদ্ধতিকে টাকা বাঁচানোর উপায় হিসেবে ব্যাখ্যা করেছেন। কেউ কেউ আবার একটি অটোয় এতজন বসার দক্ষতার প্রশংসাও করেছেন। তবে ভিডিও টি পোস্ট করার পরপরই ভাইরাল হয়ে গেছে।