বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ০৪:৫৯:৪৮

চীন ও রাশিয়ার পর এবার সেই পথে হাটলো ভারতও

চীন ও রাশিয়ার পর এবার সেই পথে হাটলো ভারতও

আন্তর্জাতিক ডেস্ক: এবার রাশিয়ার রুবল ও চীনের ইউয়ানের পথে হাঁটতে যাচ্ছে ভারতীয় মুদ্রা রুপি। ভারতের শীর্ষ ব্যাংক ঘোষণা করেছে, রুপির মাধ্যমেই যাতে আন্তর্জাতিক লেনদেন করা যায়, তেমন ব্যবস্থা চালু করা হচ্ছে।

অর্থাৎ চীন ও রাশিয়ার পর এবার সেই পথে হাটলো ভারতও। ডলারকে পাশ কাটানোর নীতি গ্রহণ করেছে ভারত। সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) আন্তর্জাতিক বাণিজ্যে রুপির ব্যবহারসংক্রান্ত নির্দেশনা জারি করেছে। 
 
নির্দেশনা বলা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যে, বিশেষ করে রফতানিতে গতি আনতেই এ উদ্যোগ। ভারতের রফতানি বাণিজ্যসহ সার্বিক আন্তর্জাতিক ব্যবসা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। আরবিআই বলছে, আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যে যারা যুক্ত, তাদের মধ্যে ভারতীয় মুদ্রায় লেনদেনের ইচ্ছা কিছুদিন আগে থেকে দেখা যাচ্ছিল। সেটা মাথায় রেখেই এ নতুন ব্যবস্থা করা হচ্ছে। 

ফলে বর্তমান ব্যবস্থার পাশাপাশি ইনভয়েসিং, পেমেন্ট এবং আমদানি বা রফতানির সেটেলমেন্ট ভারতীয় মুদ্রার মাধ্যমে করা যাবে। গত সপ্তাহেই শীর্ষ ব্যাংকগুলোর সঙ্গে এ সংক্রান্ত একটি আলোচনা করেছে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)। 

এসবিআই জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন পরিস্থিতিতে আন্তর্জাতিক লেনদেনে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। এ সময়ে ক্ষুদ্র পরিসরে হলেও ভারতীয় মুদ্রার মাধ্যমে বিদেশি লেনদেন শুরুর জন্য উদ্যোগী হওয়া যেতে পারে। এদিকে যখন ভারতীয় মুদ্রা রাশিয়া ও চীনের পথে হাঁটছে, এর মধ্যেই আরেক দফা কমে গেছে রুপির দাম। 

বুধবার (১৩ জুলাই) বাজারে এক ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৮১, যা সর্বকালের সর্বনিম্ন দরপতনের রেকর্ড। গত মাসে ভারতীয় মুদ্রা প্রায় চার শতাংশ অবমূল্যায়নের সম্মুখীন হয়। অন্যদিকে আমেরিকার নতুন অর্থনৈতিক নীতির কারণে ডলারের সঙ্গে অন্যান্য বৈশ্বিক মুদ্রার দরের বড় পার্থক্য দেখা যাচ্ছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে