আন্তর্জাতিক ডেস্ক: তার বাড়ির খোঁজে কিছু লোক ঘুরে বেড়াচ্ছে। এমনটাই তাকে জানিয়েছেন তার সরকারের মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম। একথা জানালেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
বুধবার হিন্দমোটরে এক কর্মসূচিতে মমতা বলেন, ‘‘ববি বলছিল, সকাল থেকে আমার পাড়ায় ঘুরে বেড়াচ্ছে ওরা আর সকলকে জিজ্ঞাসা করছে, আমার বাড়ি কোনটা! আরে আমার বাড়ি তো সকলে চেনে। আয় না!’’
মমতা ঠিক কাকে লক্ষ্য করে ওই কথা বলেছেন, তা স্পষ্ট নয়। ওই বিষয়ে তিনি আর কোনও কথা তার ভাষণে বলেননি। তবে তৃণমূলের একটি অংশের দাবি, দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী ইডি বা ওই ধরনের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (মমতার ভাষায় ‘এজেন্সি’) কথা বলতে চেয়েছেন।
মমতার কথা থেকে এটা স্পষ্ট যে, তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, তার পাড়ায় সকাল থেকে লোক ঘুরছে। ‘আগন্তুকেরা’ তাঁর বাড়ির খোঁজও করছে বলে অভিযোগ মমতার।
এসএসসি দুর্নীতি-কাণ্ডে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা নিয়ে বুধবার আবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা। বুধবার হিন্দমোটরে টিটাগড় ওয়াগনস লিমিটেডের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের মঞ্চ থেকে নাম না করে বিজেপিকে কড়া ভাষায় বিঁধেছেন তিনি। প্রশ্ন তুলেছেন পার্থকে ইডির গ্রেফতারের সময় এবং প্রক্রিয়া নিয়েও।
বুধবার দুপুরে মমতা হিন্দমোটরে গিয়েছিলেন। সেখানে তিনি বলেন, ‘‘২১ তারিখে বড় মিছিল করার পরে ২২ তারিখে কোনও ঘটনা ঘটলে নিশ্চয়ই আপনি পদক্ষেপ করবেন। কিন্তু মধ্যরাত্রে কেন? ভোর ৫টায় কেন? এতগুলো সব এক দিনে পেয়ে গেলেন?’’
এরপর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় চাল, মুড়িসহ প্যাকেটজাত বিভিন্ন খাদ্যপণ্যে জিএসটি বসানো নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। এরই পাশাপাশি পার্থর গ্রেফতারি নিয়ে মমতা তার ব্যাখ্যাও দিয়েছেন। যেখানে তিনি বলেছেন, একটা বড় প্রতিষ্ঠান চালাতে গিয়ে কখনও কখনও কারও না কারও কিছু না কিছু ভুলভ্রান্তি হতেই পারে।
মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘নেতাজি সুভাষচন্দ্র বসু লিখেছিলেন, ‘রাইট টু মেক ব্লান্ডার।’ ভুল কি কারও হয় না?’’ এরই পাশাপাশি মমতা বলেন, ‘‘যদি কেউ ভুল করেন, তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। ভুল করলে তা আইনত প্রমাণ হলে নিশ্চয়ই তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। তার শাস্তি হবে।’’