শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ০৬:০০:৪৬

ব্রিটেনের প্রধানমন্ত্রীর দৌড়ে হেরে যাচ্ছেন, নিজেই জানালেন ঋষি সুনাক

ব্রিটেনের প্রধানমন্ত্রীর দৌড়ে হেরে যাচ্ছেন, নিজেই জানালেন ঋষি সুনাক

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের প্রধানমন্ত্রীর দৌড়ে হেরে যাচ্ছেন, এমনটাই জানালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনাক। বলেছেন, জনপ্রিয়তার দিক থেকে প্রতিদ্বন্দ্বী লিজ ট্রাসের থেকে বেশ খানিকটা পিছিয়ে রয়েছেন তিনি। 

তবে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তিনি। ব্রিটেনবাসীর কাছে সমর্থন চেয়ে আবেদনও জানিয়েছেন তিনি। বিশেষজ্ঞদের অনুমান, ঋষির অর্থনৈতিক মতবাদের ফলেই ক্রমে সধারণ মানুষের আস্থা হারাচ্ছেন তিনি। আর সেই সুযোগ কাজে লাগিয়েই এগিয়ে যাচ্ছেন ট্রাস।

ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে কে বসবেন? সেই নিয়ে ভোটাভুটি, লড়াই চলছে বেশ কিছুদিন ধরে। অনেক প্রার্থীর মধ্যে ভোটাভুটি করে শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে রয়েছেন ঋষি সুনাক এবং লিজ ট্রাস। আগামী দিনে কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোটেই ঠিক হবে, ১০ ডাউনিং স্ট্রিটের মসনদে কে বসবেন।

কিছুদিন আগেই নিজেকে আন্ডারডগ বলে দাবি করেছিলেন ঋষি। তারপরে আবারও প্রধানমন্ত্রিত্বের দৌড়ে পিছিয়ে পড়া নিয়ে মন্তব্য করলেন তিনি। প্রসঙ্গত, ব্রিটেনের অধিকাংশ নেতাদের সমর্থন রয়েছে ট্রাসের দিকেই। তবে প্রধানমন্ত্রিত্বের নির্বাচন শুরু হওয়ার পরে প্রত্যেক ধাপেই এগিয়ে ছিলেন ঋষি। 

সাংসদদের মধ্যে ভোটাভুটির প্রত্যেক রাউন্ডেই সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন তিনি কিন্তু শেষ পর্যায়ের রায় দেবেন দলের সাধারণ কর্মী সমর্থকরা। সেই ক্ষেত্রেই মানুষের মনের মতো নীতি অবলম্বন করতে পারছেন না ঋষি। 

প্রচারের সময় তিনি বারবার বলেছেন, এক্ষুনি সাধারণ মানুষের উপর থেকে করের বোঝা কমিয়ে ফেলা সম্ভব নয়। তিনি জানিয়েছেন, এমন সিদ্ধান্ত নিতে খুবই খারাপ লাগছে কিন্তু সততার সঙ্গে কাজ করতে গেলে কর কমানো যাবে না।

অন্যদিকে, লিজ ট্রাস জানিয়েছেন, ক্ষমতায় এলে প্রথমেই কর কমানোর ব্যবস্থা করবেন তিনি। ট্রাসের মতে, ব্রিটেনের করগ্রহণ পরিকাঠামোর আমূল পরিবর্তন করা প্রয়োজন। সেদেশের প্রতিরক্ষা সচিব বেন ওয়ালাস প্রকাশ্যে জানিয়েছেন, প্রধানমন্ত্রী পদে ট্রাসকেই সমর্থন করছেন তিনি। 

মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে বরিস জনসনের পতন নিশ্চিত করেছিলেন ঋষি। সেই কারণেই সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা হারাচ্ছেন ঋষি, এমনটাই মত বেনের। কার হাতে যাবে ব্রিটেনের ক্ষমতা, সেই উত্তর পাওয়া যাবে ৫ সেপ্টেম্বর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে