আন্তর্জাতিক ডেস্ক: নজিরবিহীন বন্যায় খুব খারাপ অবস্থা পাকিস্তানে। দেশটির এক-তৃতীয়াংশ এলাকা এখন সম্পূর্ণ তলিয়ে! ভেসে গিয়েছে রাস্তা, বাড়িঘর। নষ্ট হয়েছে জমির ফসল। বন্যা-দুর্গতদের সাহায্যে এগিয়ে এলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
টেলিভিশনের এক অনুষ্ঠানে মাধ্যমে ৫০০ কোটি টাকা তুলে দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। তাও মাত্র ৩ ঘণ্টায়! গত এক দশকে এত বৃষ্টি আগে কখনও হয়নি। এ বছরের জুন মাস থেকে বর্ষা চলছে পাকিস্তানে। অতি বৃষ্টি ও বন্যায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১১৩৬ জন।
পরিস্থিতি সবচেয়ে খারাপ বালুচিস্তান, সিন্ধু, পাঞ্জাব (দক্ষিণ) ও খাইবার প্রদেশ। বন্যার কবলে পড়েছেন কয়েক লক্ষ মানুষ। পাকিস্তানের জলবায়ু মন্ত্রী শেরি রেহমান জানিয়েছেন, 'দেশটি যেন বিশাল সমুদ্রের পরিণত হয়েছে! পানি সেচে ফেলার মতো কোনও শুকনো জমি নেই। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। আমরা আগে কখনও এমন পরিস্থিতি দেখিনি'।
এ বছরের এপ্রিল মাসে রাজনৈতিক পালাবদল ঘটে গিয়েছে পাকিস্তানে। আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর ক্ষমতা হারিয়েছেন ইমরান খান। পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি তিনি। বস্তুত, পাকিস্তানে সংসদীয় ইতিহাসে ইমরানই প্রথম প্রধানমন্ত্রী, যিনি আস্থা ভোটে হেরে বিদায় নিলেন।
তবে দেশের বিপদের সময়ে চুপ বসে থাকতে পারলেন না 'ক্যাপ্টেন'। তার জনপ্রিয়তার প্রমাণ পাওয়া গেল আরও একবার! ক্ষমতা হারালেও এখনও জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন ইমরান খান। সোমবার রাতে টিভিতে একটি অনুষ্ঠান করেন ইমরান।
তিন ঘণ্টার সেই অনুষ্ঠানে পাকিস্তানের নাগরিকদের বন্যাত্রাণে আর্থিক সাহায্য করার আবেদন করেন তিনি। ফলও মেলে হাতে নাতেই। সেদেশের নাগরিক, বিশেষ করে প্রবাসীদের আর্থিক সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন ইমরান।