রবিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২২, ০৪:০৬:৩২

যেভাবে লন্ডনে চুরি হয়ে যাওয়া বিলাসবহুল গাড়ি পাকিস্তানে উদ্ধার

যেভাবে লন্ডনে চুরি হয়ে যাওয়া বিলাসবহুল গাড়ি পাকিস্তানে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের রাজধানী লন্ডন থেকে চুরি হয়েছিল অত্যন্ত বিলাসবহুল গাড়ি বেন্টলি মুলসান। এরপর সেই গাড়ির খোঁজ মিলেছে পাকিস্তানের বন্দরনগরী করাচিতে।

স্থানীয় সময় শনিবার করাচি শহরের ডিএইচএ এলাকার একটি বাড়িতে পার্ক করা অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়। ব্যয়বহুল গাড়ি বেন্টলি মুলসান উদ্ধার করেছে করাচি কর্তৃপক্ষ। চুরি হয়ে যাওয়ার পর ব্যয়বহুল এই গাড়িটি লন্ডন থেকে পাকিস্তানের বন্দর শহরে পাঠানো হয়েছিল।

করাচির কালেক্টরেট অব কাস্টমস এনফোর্সমেন্ট (সিসিই) নিশ্চিত করেছে, চুরি হয়ে যাওয়া বেন্টলি মুলসান গাড়িটি করাচির ডিএইচএ এলাকার একটি বাড়িতে পার্ক করা রয়েছে বলে পাকিস্তানি কর্তৃপক্ষকে জানায় ব্রিটিশ গোয়েন্দা সংস্থা। এর পরই সেটি উদ্ধার করেন পাকিস্তানের কর্মকর্তারা।

ফেডারেল বোর্ড অব রেভিনিউস কালেক্টরেট অব কাস্টমস এক বিবৃতিতে বলেছে, বন্ধুত্বপূর্ণ একটি দেশের জাতীয় সংস্থা থেকে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায়, একটি ধূসর রঙের বেন্টলি মুলসান গাড়িটি করাচি শহরের ডিএইচএ এলাকার একটি বাড়িতে পার্ক করা রয়েছে।

গাড়িটি চুরির পর এতে সংযুক্ত ট্রেসিং ট্র্যাকার অপসারণ বা বন্ধ করতে ব্যর্থ হয় অপরাধীরা। ফলে উন্নত ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে গাড়ির সঠিক অবস্থান খুঁজে পায় যুক্তরাজ্য কর্তৃপক্ষ।

জিও নিউজ কাস্টমস কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, চুরি যাওয়া গাড়িটি ইউরোপের একটি দেশের কনস্যুলেটের জাল নথিতে পাকিস্তানে আনা হয়েছিল। অভিযান পরিচালনার সময় বেন্টলির গাড়ির পেছনে পাকিস্তানি রেজিস্ট্রেশন নম্বরযুক্ত প্লেট দেখতে পান কর্মকর্তারা।

পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, উদ্ধারকৃত এই গাড়ির চেসিস নম্বরটি যুক্তরাজ্যের কর্তৃপক্ষের দেওয়া চুরি যাওয়া গাড়ির প্রদত্ত বিবরণের সাথে মিলে গেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িটি অন্য একজনের মাধ্যমে কিনেছেন বলে গাড়ির (পাকিস্তানি) মালিক দাবি করেছেন। পাকিস্তানের কাস্টমস এ বিষয়ে একটি মামলা নথিভুক্ত করেছে এবং গাড়ির বিক্রয় ও ক্রয়ের সাথে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে।

করাচির একজন কাস্টমস কর্মকর্তা বলছেন, ‘গাড়িটি কিভাবে করাচিতে এলো তা আমরা তদন্ত করে দেখছি। নিশ্চিতভাবেই, জাল চালান এবং ভু'য়া নিবন্ধন ডকুমেন্টেশন নিয়ে করাচিতে পৌঁছেছিল এই গাড়িটি। ’ সূত্র : বিবিসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে