আন্তর্জাতিক ডেস্ক: নাচতে নাচতে স্টেজে আছড়ে পড়লেন শিল্পী। দুরন্ত পারফরম্যান্সে দেখে হাততালি দিল মুগ্ধ দর্শক। খানিক পরে বোঝা গেল, স্টেজে ওভাবে আছড়ে পড়া মোটেই স্বাভাবিক ছিল না। আসলে হৃদরোগে আ ক্রা ন্ত হয়ে পড়ে যান তিনি, এবং মৃত্যু হয় তার। বুধবার রাতে এমন মর্মা ন্তিক ঘটনার সাক্ষী থাকল ভারতের জম্মু।
পুলিশ সূ্ত্রে জানা গিয়েছে, মৃত ওই শিল্পীর নাম যোগেশ গুপ্ত। তিনি জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। পুরুষ হলেও পৌরাণিক নারী-পুরুষ উভয় চরিত্রে অভিনয় শিল্পী হিসেবে পরিচিত ছিলেন তিনি। গণেশ উৎসব উপলক্ষে এদিনের অনুষ্ঠানটি ছিল জম্মুর বিসনাহ এলাকায়। সেখানে পার্বতী সেজেছিলেন যোগেশ।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, নাচতে নাচতে মঞ্চে আছড়ে পড়েন তিনি। দর্শক, এমনকী সহশিল্পীরাও মনে করেছিলেন নাচ ও অভিনয়ের অংশ হিসেবেই মঞ্চে আছড়ে পড়েছেন যোগেশ। যা দেখে মুগ্ধ দর্শক হাততালিও দেয়। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানিয়েছেন, ওই অবস্থায় সাহায্য চেয়েছিলেন শিল্পী। কিন্তু দর্শকের হাততালি আর উৎসবের হুল্লোড়ে কেউ তা শুনতে পাননি।
এরপর শিবরূপী এক শিল্পী মঞ্চে এসে যোগেশকে তুলে ধরার চেষ্ট করেন। তিনি বুঝতে পারেন, বড় কিছু ঘটে গিয়েছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। মঞ্চে অনুষ্ঠান চলাকালীন শিল্পীর মৃত্যুর ঘটনা নতুন না। কয়েক বছর আগে প্রায় একই ভাবে মুম্বাইয়ের কান্দিভালি এলাকার নাচতে নাচতে মৃত্যু হয় অনিশা শর্মা নামের এক কিশোরীর।