বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২২, ০৬:১৯:৫৩

বিশ্বের অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমানে মিললো চীনা যন্ত্রাংশ!

বিশ্বের অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমানে মিললো চীনা যন্ত্রাংশ!

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অত্যাধুনিক মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে মিললো চীনা যন্ত্রাংশ! ফলে নতুন জেট কেনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। বিশ্বের আধুনিকতম এই বিমানটি মার্কিন সেনার প্রধান ফাইটার জেট। ফলে ‘সর্ষের মধ্যেই ভূত’ থাকার এই ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসেছে ওয়াশিংটন।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এফ-৩৫ যুদ্ধবিমানের ইঞ্জিন নির্মাণে ব্যবহৃত একটি যন্ত্রাংশ চীনে তৈরি। বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ইঞ্জিনে চীনা যন্ত্রাংশ থাকার কথা স্বীকার করেছে যুদ্ধবিমানটির নির্মাণকারী সংস্থা ‘লকহিড মার্টিন’। 

এক সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে মার্কিন ‘ডিফেন্স কনট্রাক্ট ম্যানেজমেন্ট এজেন্সি’-র মুখপাত্র রাসেল গোয়েমায়ের জানিয়েছেন, অবৈধ চীনা যন্ত্রাংশ ব্যবহারের বিষয়টি আগস্টের ১৯ তারিখ এফ-৩৫ জয়েন্ট প্রোগ্রাম অফিসকে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, “আপাতত নতুন এফ-৩৫ জেট কেনা স্থগিত রাখা হয়েছে।”

জানা গিয়েছে, এফ-৩৫ বিমানগুলির ইঞ্জিনে একটি বিশেষ ধরনের চুম্বক ব্যবহার করা হয়। সেটি তৈরি করে ‘হানিওয়েল’ নামের একটি মার্কিন সরকারি সংস্থা। গত আগস্ট মাসে সংস্থাটি জানতে পারে, বিশেষ চুম্বক তৈরির জন্য কেনা একটি সরঞ্জাম চীনে তৈরি। এবং তা অনুমতি ছাড়াই জোগান দিয়েছে এক সাপ্লায়ার। 

বলে রাখা ভাল, এফ-৩৫ জেটগুলির ফ্রেম লকহিড মার্টিন তৈরি করলেও ইঞ্জিন নির্মাণ করে হানিওয়েল। এদিকে, চীনা যন্ত্রাংশের ফলে আমেরিকার এই পঞ্চম প্রজন্মের বিমানের গোপন তথ্য চীনের হাতে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এই বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, বিমানটির সফটওয়্যার, রাডার বা অন্য ক্ষমতা সংক্রান্ত গোপন তথ্য চুরি হওয়ার কোনও সুযোগ নেই। সূত্র: রয়টার্স

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে