সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫৫:০০

রানির শেষকৃত্যে যে ৩ দেশের রাষ্ট্রনেতাকে আমন্ত্রণ জানানো হয়নি

রানির শেষকৃত্যে যে ৩ দেশের রাষ্ট্রনেতাকে আমন্ত্রণ জানানো হয়নি

আন্তর্জাতিক ডেস্ক: চোখের পানিতে রানি দ্বিতীয় এলিজাবেথকে চিরবিদায় জানাবে ব্রিটেন। সোমবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির শেষকৃত্য সম্পন্ন করা হবে। রানিকে শেষ শ্রদ্ধা জানাতে লন্ডনে শামিল হয়েছেন বিশ্বের একাধিক রাষ্ট্রনেতা।

বিবিসি সূত্রে খবর, ওয়েস্টমিনস্টার অ্যাবেতে প্রায় ২ হাজার মানুষের বসার বন্দোবস্ত করা হয়েছে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতা রানির শেষকৃত্যে যোগ দেবেন। কারা কারা থাকছেন, কারাই বা বাদ পড়লেন, এক নজরে দেখে নিন সেই তালিকা।

দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে ব্রিটেনের রাজপরিবারের সদস্যরা থাকছেন। কিং চার্লসের সঙ্গে থাকবেন ‘দ্য কুইন কনসার্ট’ ক্যামিলা। পাশাপাশি রানির আরও তিন সন্তান প্রিন্সেস অ্যানি, প্রিন্স অ্যান্ড্রু ও প্রিন্স এডওয়ার্ডও যোগ দেবেন এই অনুষ্ঠানে।

শেষকৃত্যে যোগ দেবেন রানির দুই নাতি-নাতনিও। থাকবেন দুই যুবরাজ উইলিয়াম ও হ্যারি। এ ছাড়াও থাকবেন প্রিন্সেস বিট্রিস ও ইউজেনি, জারা টিন্ডাল, পিটার ফিলিপস, লেডি লুইস উইন্ডসররাও। সোমবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যোগ দেবেন রানির বন্ধু ও কর্মীরাও।

ইউরোপের বিভিন্ন রাজপরিবারের সদস্যও রানির শেষকৃত্যে থাকছেন। তাদের মধ্যে অনেকের সঙ্গেই রানির আত্মীয়তা ছিল। এই তালিকায় রয়েছেন বেলজিয়ামের রাজা ফিলিপ, রানি ম্যাথিল্ড, নেদারল্যান্ডসের রাজা উইলেম আলেকজান্ডার, তার স্ত্রী রানি ম্যাক্সিমা, সাবেক ডাচ ক্যুইন প্রিন্সেস বিট্রিক্স।

ব্রিটেনের রাজপরিবারের আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন স্পেনের রাজা ফেলিপ, রানি লেটিজিয়া। এ ছাড়াও নরওয়ে, সুইডেন, ডেনমার্কের রাজপরিবারের সদস্যদেরও অতিথি হিসাবে থাকার কথা। থাকতে পারেন জাপানের সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকো। থাকার কথা ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকেরও।

রানির শেষকৃত্যে যোগ দেবেন কমনওয়েলথের নেতারাও। থাকছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানাতে লন্ডন পৌঁছে গিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রানির শেষকৃত্যে যোগ দিচ্ছেন। রানির শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংঘে। লন্ডন পৌঁছে গিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তার সঙ্গে রয়েছেন আমেরিকার ‘ফার্স্ট লেডি’ জিল বাইডেন।

এ ছাড়াও থাকছেন জার্মানের প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেনমায়ার, ইতালির প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

রানির শেষকৃত্যে আমন্ত্রণ জানানো হয়নি৩ দেশের রাষ্ট্রনেতাকে। আমন্ত্রণ জানানো হয়নি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। ইউক্রেন ইস্যুতে এই পদক্ষেপ। রাশিয়ার পাশাপাশি বেলারুশ ও মায়ানমারের কোনও রাষ্ট্রনেতাকেও আমন্ত্রণ জানানো হয়নি।

রানির শেষকৃত্য অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত কয়েক দিনে লাখ লাখ মানুষ রানিকে শেষশ্রদ্ধা জানিয়েছেন। গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মৃত্যু হয় রানি দ্বিতীয় এলিজাবেথের। ৯৬ বছরের রানি দীর্ঘ ৭০ বছর ব্রিটেনের সিংহাসনে আসীন ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে