আন্তর্জাতিক ডেস্ক: ঘোর অন্ধকার। সেই অন্ধকার চিরে রাস্তা দিয়ে দুরন্ত গতিতে ছুটছিল গাড়িটি। দুই পাশে ঘন জঙ্গল। ফলে অন্ধকার যেন আরও গাঢ় লাগছিল। হেডলাইটের জোরালো আলোটা হঠাৎই রাস্তার উপর এসে পড়া একটি বস্তুর উপর আটকে গেল।
জোরে ব্রেক কষে কয়েক হাত দূরে থেমে গেল গাড়িটি। হেডলাইটের জোরালো আলোয় চালক দেখতে পান প্রায় ১০ ফুটের একটি সাপ রাস্তা পার করছে। শরীরের বেশির ভাগ অংশ রাস্তার উপরে। বাকিটা রাস্তার পাশে থাকা জঙ্গলে। সাপটি খুব ধীর গতিতে রাস্তা পার হচ্ছিল। কিন্তু চালকের যেন তর সইছিল না। গাড়ি থেকে নেমে বিশাল সাপটি খালি হাতে রাস্তা থেকে সরালেন ব্যক্তি।
কতক্ষণে রাস্তা পার হবে সাপ, ততক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকতে হবে! গাড়ি থেকে চালক নামলেন। ধীরস্থির ভাবে সাপটির দিকে এগিয়ে গেলেন। ততক্ষণে গাড়ির লম্বা লাইন পড়ে গিয়েছিল। ওই ব্যক্তিকে সাপের দিকে এগিয়ে যেতে দেখে পিছন থেকে সতর্কবার্তা উড়ে আসছিল তার দিকে।
তাকে সাপের কাছাকাছি যেতে নিষেধ করা হচ্ছিল। কিন্তু সেই সতর্কবার্তাকে উপেক্ষা করেই সাপের দিকে এগিয়ে যান। তারপর একেবারে পেশাদার ‘স্নেকক্যাচার’দের মতো খালি হাতে মুখ ধরেন, তখন তার উপর হামলা চালানোর চেষ্টা করে সাপটি।
কিন্তু সেটা সামলে নিয়েই সাপটিকে জঙ্গলের দিকে ছুড়ে দেন। ওই ব্যক্তির এমন কাণ্ড দেখে সকলেই স্তম্ভিত হয়ে যান। জানা গিয়েছে, ভিডিওটি দক্ষিণ ভারতের কোনও একটি রাজ্যের। ভিডিওটি আপলোড করেছেন ভারতীয় বন বিভাগের কর্মকর্তা প্রবীণ কাসয়ান। ভিডিওটি দেখুন...