বুধবার, ০৫ অক্টোবর, ২০২২, ০৫:৪৬:০০

চোরের ভক্তি, চুরির আগে মা দুর্গাকে ভক্তিভরে প্রণাম!

চোরের ভক্তি, চুরির আগে মা দুর্গাকে ভক্তিভরে প্রণাম!

আন্তর্জাতিক ডেস্ক: চোরের ভক্তি, মন্দিরে চুরির আগে মা দুর্গাকে ভক্তিভরে প্রণাম! সিসিটিভিতে এমনই ঘটনা ধরা পড়ল পশ্চিমবঙ্গের হুগলির শেওড়াফুলির একটি আবাসনের পুজোয়। সিসিটিভি ফুটেস এখন রীতিমত ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, দেবী দুর্গাকে প্রণাম করে জুতো খুলে মণ্ডপে ঢুকল চোর! পুজোর বাসন-কোষন, শাড়ি-কাপড় থেকে গামছা, পুজো সামগ্রী যা ছিল ব্যাগে ভরে চম্পট দেয় চোর। চোরের এহেন 'ভক্তিভরে' কীর্তিকলাপ দেখে হতবাক খোদ পুলিশ।

শেওড়াফুলির ৪ নম্বর রেল গেটের সামনে দিশারী মহিলা আবাসন। সেই আবাসনের পুজো মণ্ডপেই চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাত বছর ধরে পুজো হচ্ছে এই আবাসনে। দশমীর ভোর রাতে চুরির ঘটনাটি ঘটে বলে অভিযোগ। সেই চুরির দৃশ্য ধরা পড়েছে সিসিটিভিতে। 

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একজন টুপি পরে পুজো মণ্ডপের সামনে এলো। তার পিঠে একটা ব্যাগ রয়েছে। হাতেও একটা বড় সাদা ব্যাগ। প্রথমে সে দুর্গাকে প্রণাম করল। তারপর এদিক ওদিক দেখে নিয়ে চটি খুলে মণ্ডপের ভিতর প্রবেশ করে। কিছুক্ষণ পর বেরিয়ে এল ব্যাগ ভর্তি জিনিস নিয়ে। তারপর রাস্তা দিয়ে হেঁটে চলে গেল।

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চুরি গিয়েছে বাসনপত্রসহ পুজোর বিভিন্ন সামগ্রী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোর শনাক্তকরণের কাজ শুরু হয়েছে। তৎপর পুলিশ। 

আবাসনের বাসিন্দা প্রিয়াঙ্কা দাস জানান, তাদের সাত বছরের পুজো কিন্তু এতবছরে এরকম কোনওদিন হয়নি। দশমী পুজোর আগে সব কিছু চুরি হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। নবমীতে অনেক রাত পর্যন্ত আবাসনের লোকজন ছিল মণ্ডপে। ভোরের দিকে মণ্ডপে কেউ ছিল না। সেই সুযোগেই চোর চুরি করে চলে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে