বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০২২, ০৪:১০:৫৮

মসজিদে আজান শুরু হতেই ভাষণ থামালেন অমিত শাহ

মসজিদে আজান শুরু হতেই ভাষণ থামালেন অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক: মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসতেই ভাষণ বন্ধ করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার কাশ্মীরের বারামুল্লা জেলায় একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন তিনি। সেই সময় নিকটবর্তী একটি মসজিদ থেকে আজান দেওয়া শুরু হয়।

এরপরই ভাষণ থামিয়ে দেন শাহ। সভায় উপস্থিত লোকজনের কাছে মসজিদে কিছু অনুষ্ঠান হচ্ছে কি না জানতে চান। খানিক বিরতি নেওয়া পর কোনও কিছু না হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে শ্রোতাদের অনুমতি নিয়ে ফের তিনি ভাষণ শুরু করেন। 

আজান শুনে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণ থামিয়ে দেওয়ার বিষয়টি উপস্থিত লোকজন স্বাগত জানান। তারা করতালি দিয়ে অমিত শাহের প্রশংসা করেন। গতকাল বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের কড়া সমালোচনা করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। ইসলামাবাদের সঙ্গে কোনও ভাবেই কোনও আলোচনায় বসা হবে না বলেও তিনি জানিয়ে দেন। 

তিনি বলেছেন, 'নরেন্দ্র মোদী সরকার জম্মু ও কাশ্মীর থেকে স'ন্ত্রা'সবাদকে মুছে ফেলবেই। কারণ ১৯৯০ সাল থেকে স'ন্ত্রা'সবাদ জম্মু ও কাশ্মীরে ৪২ হাজার মানুষের প্রাণ নিয়েছে।' জম্মু ও কাশ্মীরে উন্নয়ন না হওয়ার জন্য সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি ও নেহরু-গান্ধী পরিবারকে দায়ী করেন অমিত শাহ। 

কাশ্মীরের তিনটি রাজনৈতিক পরিবারের নাম উল্লেখ করে তাদের কটাক্ষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন যে তাদের শাসনকাল অপশাসন ও দুর্নীতিতে পরিপূর্ণ ছিল এবং রাজ্যের উন্নয়ন হয়নি। তিনি বলেন, 'মুফতি অ্যান্ড কোম্পানি, ফারুক আবদুল্লাহ এবং তার ছেলে ওমর আবদুল্লাহ, এছাড়াও কংগ্রেস জম্মু ও কাশ্মীরের জনগণের কল্যাণে কিছুই করেনি।' 

অমিত শাহ আরও বলেন, 'যারা ৭০ বছর শাসন করেছে, তারা বলছে পাকিস্তানের সঙ্গে কথা বলতে। কেন আমরা পাকিস্তানের সঙ্গে কথা বলব? আমরা কথা বলব না। আমরা বারামুল্লার মানুষের সঙ্গে কথা বলব, কাশ্মীরের মানুষের সঙ্গে কথা বলব। আমরা জম্মু ও কাশ্মীরকে দেশের সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা জায়গা বানাতে চাই।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে