মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ০১:৩৪:৫৮

দেওয়াল ভাঙতেই কাঁড়ি কাঁড়ি রুপোর কয়েন, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

দেওয়াল ভাঙতেই কাঁড়ি কাঁড়ি রুপোর কয়েন, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের বাদাউনে কাঁড়ি কাঁড়ি রুপোর কয়েন উদ্ধার। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। দেড়শোরও বেশি কয়েন উদ্ধার হয়েছে বলে খবর। যা নিয়ে সাধারণ মানুষের কৌতুহলের শেষ নেই। শরিকি বিবাদের জেরে বাদাউনের একটি বাড়ি নির্মাণ করা যায়নি। 

বাড়িটি জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। আর সেই বাড়িটি ভাঙার সিদ্ধান্ত নেয় পৌরসভা। আর ভাঙতে গিয়ে চোখ কপালে ওঠার জোগাড় কর্মকর্তাদের। দেওয়াল ভাঙতেই সেখান থেকে বেরিয়ে আসতে শুরু করে থরে থরে রুপোর কয়েন। আর সেই কয়েন নিয়ে পালানোর চেষ্টাও করেন কয়েকজন। 

অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা দালান ও ঘরবাড়ি ভেঙে ফেলছে বাদাউন পুরসভা। এসডিএম জানিয়েছেন, বৃষ্টির কারণে পুরনো বাড়িটি ভেঙে পড়েছে। পৌর প্রশাসন বাড়িওয়ালাকে নোটিশও দিয়েছে। এরপরও তিনি বাড়িটি ভাঙেননি। সোমবার সকালে পৌরসভার কর্মীরা বাড়িটি ভাঙার কাজ শুরু করলে সেখান থেকে রৌপ্য মুদ্রা বের হতে থাকে।

এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে ফেলে। রৌপ্যমুদ্রা যেখান থেকে বেরিয়েছিল সেই স্থানটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ১৬৮টি রৌপ্য মুদ্রা উদ্ধার হয়েছে বলে খবর। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ১৮৯০ সালের এই কয়েনগুলো। এক একটি মুদ্রার ওজন প্রায় ১০ গ্রাম। 

বাজারে এর দাম প্রায় এক হাজার টাকা। অর্থাৎ সব মিলিয়ে এর দাম দেড় লাখ টাকারও বেশি। এদিকে এই বাড়ি থেকে মুদ্রা উদ্ধারের পর ওই এলাকা ঘিরে ফেলেছে। সেখানে আরও কয়েকটি পুরোনো বাড়ি আছে। সেই বাড়িগুলোকেও ঘিরে ফেলা হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে