আন্তর্জাতিক ডেস্ক: প্রেমিকা তুমি কার? ভরা ক্লাসের মধ্যে দুই সহপাঠীর ধুন্ধুমার। প্রথমে ঘুষোঘুষি তার পর একে অন্যকে লাথি মারছে দুই কিশোর। পাশে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে সহপাঠীরা। দুই জনকে সরাতে দৌড়ে এলেন এক শিক্ষক। কিন্তু তিনিও পারেননি।
ধাক্কাধাক্কিতে সরে পড়লেন শিক্ষক। আবার হাতাহাতি শুরু করল দুই ছাত্র। পরে ওই শিক্ষকই দুই ছাত্রকে সামলান। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।
‘ঘর কে কালিশ’ নামে একটি টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, সবুজ টি-শার্ট পরা দুই কিশোর নিজেদের মধ্যে হাতাহাতি করছে। সহপাঠীদের কেউ কেউ উঠে দাঁড়িয়ে রয়েছে। কেউ কেউ দিচ্ছে হাততালি। একটি কোচিং সেন্টারের মধ্যে এই ঘটনা ঘটেছে।
তবে জায়গাটি কোথায় তা এই ভাইরাল ভিডিও থেকে স্পষ্ট নয়। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, এক বান্ধবীর জন্য লড়াইয়ে নামে দুই কিশোর। যে পড়ুয়াদের দেখা যাচ্ছে, তারা একটি ইউনিফর্ম পরে রয়েছে। এক এক জনের বসার জন্য আলাদা ডেস্ক আছে। সামনে ব্ল্যাক বোর্ড। সেখানেই এই ঘটনায় জড়ায় দুই বন্ধু।
ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিওটি। তাতে টিপ্পনী কাটছেন কেউ কেউ। কোনও কোনও সমাজমাধ্যম ব্যবহারকারীরা আবার বলছেন, ‘এটাই শৈশব’। এই ভিডিও দেখতে গিয়ে নিজেদের স্কুলবেলা মনে পড়ে গেল তাদের। কারও মতে, ‘জয়েন্টের প্রস্তুতি নিতে এসে মিক্সড মার্শাল আর্টের প্রস্তুতি নিচ্ছে দুই শিক্ষিত।’ কেউ আবার লিখেছেন, ‘ভিডিও দেখে আমার ভাইকে মনে পড়ে গেল।’