আন্তর্জাতিক ডেস্ক: গোটা বিশ্বে একমাত্র চীনকেই প্রতিদ্বন্দ্বী বলে মনে করছে আমেরিকা। একইসঙ্গে তাদের কাছে রাশিয়াও ‘বিপজ্জনক’। স্থানীয় জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাউডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এই কথা বলেন।
জাতীয় নিরাপত্তা নীতি প্রকাশ করতে গিয়ে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ভাষণে তিনি বলেন, চলতি দশকের প্রথম দিকটা সিদ্ধান্ত গ্রহণের সময়। সেই নিরিখেই আমরা চীনকে শীর্ষ প্রতিযোগীর তালিকায় রাখছি। তাদের সঙ্গে অর্থনীতি, রাজনীতি, নিরাপত্তা ও প্রযুক্তিগত ক্ষেত্রে আমেরিকার টক্কর চলবে। এই লড়াইয়ে তাদের টেক্কা দেওয়াই আমেরিকার কাছে অগ্রাধিকারের বিষয়।”
ট্রাম্পের শাসনামলে চীন ও রাশিয়াকে সমানভাবে বিপজ্জনক বলে চিহ্নিত করেছিল মার্কিন প্রশাসন। বাইডেন ক্ষমতায় আসার পর অবশ্য তারা বুঝিয়ে দিয়েছে, সংশ্লিষ্ট দু’টি দেশকে তারা দু’রকম দৃষ্টিকোণ থেকে দেখছে।
পাশাপাশি বাইডেন প্রশাসন জানিয়ে দিয়েছে, ২০৩০ সালের মধ্যে তাদের পরমাণু শক্তির ভাণ্ডারের আরও আধুনিকীকরণ ঘটিয়ে বিশ্বের সেরা শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায় তারা। সূত্র: হোয়াইট হাউস ওয়েবসাইট, ফিন্যান্সিয়াল টাইমস, ফক্সবিজনেস, নিক্কেই এশিয়া, ওয়ালস্ট্রিট জার্নাল