স্পোর্টস ডেস্ক: সৌরভ গাঙ্গুলিকে আইসিসির চেয়ারম্যান পদে মনোনয়ন না দেওয়ার জন্য ফের সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সৌরভের জন্য দরবার করেছিলেন মমতা।
তবে তাতেও কাজ না হওয়ায়, আবারও রাজনীতির গন্ধ পেলেন মমতা ব্যানার্জী। সৌরভকে বঞ্চনার স্বীকার হতে হয়েছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। সৌরভ যোগ্য ব্যক্তি হিসেবেই আইসিসিতে যেতে পারতেন বলে মনে করেন মমতা।
তিনি বলেন ''আজ ২০ তারিখ ছিল আইসিসির মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সল্টলেকে এসে আমার মনে পড়ল সৌরভকে কী ভাবে বঞ্চনার স্বীকার হতে হল। আমি বিজেপির অনেককে অনুরোধ করেছি। আপনারা দেখেছেন আমি সবার সামনেও অনুরোধ করেছি।''
তিনি বলেন, ''সৌরভ ভেরি মাচ এনটাইলেড ছিল। সে আইসিসিতে থাকলে দেশের গৌরব বাড়ত। জগমোহন ডালমিয়াও তো হয়েছিলেন, শারদ পাওয়ারও হয়েছিলেন। তা হলে আজ কোন কারণে কোন অজানা কারণে সৌরভের মত ছেলেকে ডিপ্রাইভ করা হল? এবং জায়গাটা অন্য কারোর জন্য সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে।''
তবে কার দিকে ইঙ্গিত করতে চাইলেন মমতা তা বলেননি তিনি। তবে তার অভিযোগ যে জয় শাহের বিরুদ্ধেই তা বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। মমতা আরও বলেন, ''আমি নাম বলব না। নিজস্ব স্বার্থের জন্য দেশের ক্রীড়াপ্রেমী মানুষকে বঞ্চিত করে কেউ এ কাজ করতে পারে?''
মুখ্যমন্ত্রী বলেন, ''আজকে সৌরভের জায়গায় শচীন থাকলেও আমি তাকে সাপোর্ট দিতাম। আমি আজাহার থাকলে আজাহারকে সাপোর্ট করতাম। আমরা ভারতবাসী হিসেবে ক্রিকেটকে অন্য চোখে দেখি। সেখানে সৌরভ বিদেশে বারবার খেলে এসেছে।''
মানসিক ভাবে বিপর্যস্ত হলেও সৌরভ প্রকাশ্যে কিছু বলতে চাননি। এমনটাই মনে করেন মমতা। তিনি বলেন, ''সৌরভ ভদ্র ছেলে বলে কিছু বলেনি। হয়ত নিশ্চয়ই ওর কষ্ট হয়েছে। সেটা কাউকে বুঝতে দেয়নি। এটাকে আমরা সহজ ভাবে নিচ্ছি না। আমরা শকটড। এটা নিলজ্জের মত কাজ। সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত। কিছু মানুষকে সুবিধা করার জন্য।''