শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ০৮:০২:৪১

প্রধানমন্ত্রীর পদ, ঋষিকে বিশেষ বার্তা দিলেন জনসন

প্রধানমন্ত্রীর পদ, ঋষিকে বিশেষ বার্তা দিলেন জনসন

আন্তর্জাতিক ডেস্ক: দলকে বাঁচাতে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদের দৌড় থেকে সরে দাঁড়ান ঋষি সুনাক, এমনটাই চাইছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। লিজ ট্রাস সরে দাঁড়ানোর পর থেকে প্রধানমন্ত্রী পদের দাবিদার হিসেবে উঠে আসছে দুই জনের নাম বরিস জনসন ও ঋষি সুনাক।

রাজনৈতিক মহল বলছে, জনপ্রিয়তার নিরিখে সুনাকের তুলনায় জনসনের পাল্লা ভারী। আবার জনসন দাবি করেছেন, একমাত্র তার নেতৃত্বেই ২০২৪ সালে ক্ষমতায় ফিরতে পারে কনজারভেটিভ পার্টি। তাই এবার দলের কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রিত্বের দৌড় থেকে সরে দাঁড়ান সুনাক, এমনটাই চাইছেন তিনি।

মাত্র ৪৪ দিনের মাথায় প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়েছেন লিজ ট্রাস। আর তারপর থেকেই দেশের সাবেক প্রধানমন্ত্রী ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ফিরতে চাইছেন। ট্রাস পদত্যাগ করার পরই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে তড়িঘড়ি ছুটি বাতিল করে ফিরে এসেছেন জনসন। দলে তার সমর্থকও নেহাত কম নয়। কিন্তু তার প্রত্যাবর্তনের পথে সবচেয়ে বড় কাঁটা ঋষি সুনাক। 

তাই প্রধানমন্ত্রীর পদ নিয়ে ঋষিকে বিশেষ বার্তা দিলেন জনসন। দলের ভাল-মন্দের প্রসঙ্গ তুলে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে লড়াই থেকে সরানোর কৌশল নিয়েছেন বরিস, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে ঋষি এই আবেদনে সাড়া দেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

ব্রিটিশ মিডিয়া সূত্রের দাবি অনুযায়ী ঋষি সুনাকের পাশে ইতিমধ্যেই রয়েছে ১০০ জন এমপির সমর্থন। যার পরে সুনাক-অনুরাগীদের আশা বাড়ছে। এদিকে ৩১ অক্টোবরের আগেই নতুন প্রধানমন্ত্রী বেছে নেওয়ার কথা। টোরি পার্টি কী করে, সেটাই দেখার। আপাতত সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে