বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ০৬:২০:৪০

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিজের হাতে প্রদীপ জানালেন ঋষি সুনাক

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিজের হাতে প্রদীপ জানালেন ঋষি সুনাক

আন্তর্জাতিক ডেস্ক: প্রদীপ জ্বলে উঠল ব্রিটেনে। দীপাবলির প্রদীপ। প্রদীপের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল ১০ নম্বর ডাউনিং স্ট্রিট (প্রধানমন্ত্রীর কার্যালয়)। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিজের হাতে দীপাবলির প্রদীপ জ্বালালেন ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে এই আয়োজন করতে পেরে তিনি খুশি বলে জানিয়েছেন। 

বুধবার রাতে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে নিজের বাসভবনে দীপাবলির আয়োজন করলেন তিনি। দীপাবলিতে শুভেচ্ছাও জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী। জানিয়েছেন তাঁর এক সুন্দর স্বপ্নের কথাও। সেই ছবি টুইট করে তিনি লেখেন, 'এমন এক ব্রিটেন গড়ার চেষ্টা করব, যেখানে আমাদের সন্তানসন্ততিরা নির্বিঘ্নে তাদের প্রদীপ জ্বালাতে পারবে।' 

ঋষি সুনাকের দীপাবলি উদযাপন অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০২০ সালে চ্যান্সেলর থাকাকালীন তার বাসভবন ১১ নম্বর ডাউনিং স্ট্রিটেও প্রদীপ জ্বালাতে দেখা গিয়েছিল তাকে। এদিকে, দীপাবলির উদযাপনের মধ্যেই প্রধানমন্ত্রী হওয়ায় তাকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

ব্রিটিশ ও ভারতীয়দের মধ্যে এক সেতু হয়ে থাকবেন সুনাক, এমন প্রত্যাশার কথাই জানিয়েছেন মোদি। মঙ্গলবার সুনাক যখন বাকিংহাম প্যালেসে যান, সেখানে রাজা চার্লস তাকে দীপাবলির মিষ্টি দেন। যে ঘরে রাজা চার্লস ও ঋষি সুনাক বসেছিলেন, সেই ঘরের টেবিলে সাজিয়ে দেওয়া হয় হরেক রকম মিষ্টি। 

যেহেতু দীপাবলির সময়েই শপথ নিচ্ছেন সুনাক, তাই হিন্দু বংশোদ্ভূত প্রধানমন্ত্রীর জন্য বিশেষ খাবার সাজিয়ে দেওয়া হয়েছিল প্যালেসের তরফে। ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই ইতিহাস তৈরি করেছেন ঋষি। আগে কখনও ব্রিটেনের মসনদে কোনও ভারতীয় বংশোদ্ভূত বসেননি। ঋষি ভারতের 'জামাই'ও বটে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে