রবিবার, ৩০ অক্টোবর, ২০২২, ০৭:৫১:১৮

অনুতপ্ত হয়ে চুরি করা সামগ্রী ফিরিয়ে দিয়ে গেলেন চোর

অনুতপ্ত হয়ে চুরি করা সামগ্রী ফিরিয়ে দিয়ে গেলেন চোর

আন্তর্জাতিক ডেস্ক: মন্দিরে ঢুকে নানা সামগ্রী চুরি করেছিলেন এক যুবক। চুরি গিয়েছিল রুপো, পিতলের একাধিক জিনিস। মন্দিরে চুরির ঘটনায় তদন্তেও নামে পুলিশ। কিন্তু চোরকে কব্জা করতে পারেনি। এমন সময় নিজের কৃতকর্মে অনুতপ্ত হয়ে চুরি করা সামগ্রী ফিরিয়ে দিয়ে গেলেন চোর। 

সেই সঙ্গে চুরি করার জন্য ক্ষমাপ্রার্থনা করে চিঠিও লিখেছেন অভিযুক্ত যুবক। লিখেছেন, ‘‘ভুল করেছি, ক্ষমা করে দিন।’’ এমন কাণ্ড ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের বালাঘাট জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শান্তিনাথ দিগম্বর মন্দির থেকে ১০টি রুপো ও পিতলের সামগ্রী চুরি যায় বলে অভিযোগ ওঠে। 

অতিরিক্ত পুলিশ সুপার বিজয় দাবর জানিয়েছেন, গত ২৪ অক্টোবর লামতা থানা এলাকায় ওই মন্দিরে চুরির ঘটনা ঘটে। তারপর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছিল পুলিশ। গত শুক্রবার লামতা এলাকায় পঞ্চায়েত অফিসের সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে একটি পরিবার। 

এরপরই তারা পুলিশকে বিষয়টি জানান। ওই ব্যাগটি খুলতেই মন্দির থেকে চুরি যাওয়া সামগ্রী পাওয়া যায়। সেই সঙ্গে চোরের একটি লেখা চিঠি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, ওই চিঠিতে চোর লিখেছেন, ‘‘আমার কাজের জন্য ক্ষমা চাইছি। একটা ভুল করেছি। আমায় ক্ষমা করে দিন। চুরির পর অনেক ভুগেছি।’’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে