আন্তর্জাতিক ডেস্ক: ১৪ বছর বয়সে প্রথম বিয়ে করেছিলেন। সেই শুরু। এখন বয়স ৬১বছর। ফের বিয়ের আসরে বসলেন পশ্চিম জাভার মাজালেংকার বাসিন্দা কান। ৮৮তম বিয়েটি সেরে ফেলতে প্রস্তুত বৃদ্ধ। বারবার বিয়ে করার জন্য ইন্দোনেশিয়ায় ‘প্লেবয় কিং’ নামে বেশ খ্যাতি রয়েছে কানের।
এ বারে তার সেই খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ৬১ বছর বয়সি কান পেশায় কৃষক। জানিয়েছেন, তিনি কোনও নারীকে না বলতে পারেন না, ৮৮তম বিয়ের রেকর্ড গড়ছেন কৃষক। এ বারে যাকে বিয়ে করছেন কান, সেই পাত্রী কানেরই ৮৬তম স্ত্রী। নিজের সাবেক সহধর্মিনীকে ফের স্ত্রী হিসেবে গ্রহণ করতে চান তিনি।
কান বলেন, ‘‘বহু দিন আগে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। কিন্তু আমাদের সেই ভালবাসা আজও প্রবল।’’ কান জানিয়েছেন, পাত্রীও তাকে খুব ভালবাসেন। সেই কারণেই ফের একসঙ্গে থাকার সিদ্ধান্ত। তবে তাদের প্রথম দফার বিয়ে সে বারে এক মাসের বেশি টেকেনি।
কান প্রথম বিয়ে করেছিলেন ১৪ বছর বয়সে। সেই বিয়েতে কনে ছিল তার থেকে দুইবছরের বড়। বিয়ের ভাঙার জন্য নিজেকেই দুষেছেন কান। সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আমার আচরণ সেই সময় খুব খারাপ ছিল। আমার খারাপ ব্যবহারের জন্যই দুইবছর পরে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন আমার প্রথম স্ত্রী।’’
কান জানিয়েছেন, প্রথম বিয়ে ভাঙার পরে তার রাগ হয়। আধ্যাত্মিক জ্ঞান আহরণের দিকে ঝোঁকেন তিনি। তার জোরেই ঠিক করে নিয়েছিলেন, এ বারে বহু মহিলা তার প্রেমে পড়বেন। কানের কথায়, ‘‘সে যাই হোক, মহিলাদের জন্য অসম্মানজনক, এমন কোনও কাজ আমি করি না। কারও মন নিয়ে খেলাও করি না।’’