রবিবার, ০৬ নভেম্বর, ২০২২, ১২:৪৬:১১

‘আমার বরকে ফিরিয়ে দিন!’ ইমরান খানকে আক্রমণ পাক তরুণীর

‘আমার বরকে ফিরিয়ে দিন!’ ইমরান খানকে আক্রমণ পাক তরুণীর

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ইমরান খানের রাজনৈতিক মিছিলে পা মেলানোর তাগিদে বিয়ের আসর ছেড়েই পালিয়েছেন বর। আর তাতেই রেগে গেলেন কনে। রাগের চোটে ইমরান খানের উদ্দেশেই আক্রমণ শানালেন পাক তরুণী ‘আমার বরকে ফিরিয়ে দিন!’

সাবেক পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে তরুণী দাবি জানালেন, অবিলম্বে তার হবু স্বামীকে লাঠিপেটা করে মিছিল থেকে তাড়িয়ে তার কাছে ফিরিয়ে দেওয়া হোক।

জানা গিয়েছে, ওই তরুণীর নাম সিদ্রা নাদিম। ইউটিউবার সয়ীদ বাসিত আলিকে এই গোটা ঘটনার বিবরণ দিতে গিয়ে ওই তরুণী জানিয়েছেন, ইজাজ নামে এক যুবকের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার। আগে থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও জানিয়েছেন তিনি। 

বস্তুত প্রেমিককে বিয়ে করার জন্য তিন বছর ধরে অপেক্ষা করে আসছেন ওই তরুণী। কিন্তু ইমরান খানের ডাকে ইসলামাবাদে ‘আজাদি মিছিল’ হওয়ার কথা শুনেই লাহোর থেকে ইসলামাবাদের উদ্দেশে পাড়ি জমান ওই যুবক। ভিডিওটিতে দেখা গিয়েছে, বিয়ের পোশাক পরেই বসে রয়েছেন সিদ্রা। 

সিদ্রা জানিয়েছেন, তিনি যখন বিয়ের আসরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, সেই সময়েই খবর আসে যে বর পালিয়ে গিয়েছেন। আর তার পালানোর কারণ কোনও অন্য নারী নন, স্রেফ সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু ওই যুবকের এহেন হঠকারী সিদ্ধান্তের ফলে সিদ্রা ও তাঁর পরিবারকে যে বড়সড় সমস্যার মুখে পড়তে হয়েছে, তা বলাই বাহুল্য। 

বিয়ের মণ্ডপ থেকে খাওয়াদাওয়া, সাজসজ্জা এবং অন্যান্য সবরকম প্রয়োজনীয় ব্যবস্থাই সারা হয়ে গিয়েছিল। ফলে শেষ মুহূর্তে বিয়ে বাতিল হওয়ার দরুন বড় অঙ্কের আর্থিক লোকসান হয়েছে তাদের। ফলে কেবল বর-ই নয়, বিয়ের খরচাও ফেরত চান ওই তরুণী। 

সেই মর্মেই ইমরান খানের কাছে দাবি জানিয়েছেন তিনি। এমনকি ইমরানের ‘আজাদি মিছিল’-কে ‘বর চুরির মিছিল’ আখ্যা দিতেও পিছপা হননি তিনি। ভিডিওতে বিয়ের পোশাক পরা অবস্থাতেই দেখা গিয়েছে সিদ্রাকে। হবু স্বামীকে ফেরত না পাওয়া পর্যন্ত পোশাক বদলাবেন না বলেই পণ করে বসেছেন পাকিস্তানের ওই তরুণী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে