আন্তর্জাতিক ডেস্ক: “বিয়ের আর্থিক বৈভব দেখানোর বিষয় নয়। যদি অতিরিক্ত টাকা থাকে, তবে সন্তানের ভবিষ্যতের জন্য সেই টাকা সঞ্চয় করো”, এ কথা বলেই নবদম্পতিদের আশীর্বাদ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রোববার গুজরাটের ভাবনগরে একটি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী, সেখানেই তিনি বিয়ের খরচ কমানোর পক্ষে সওয়াল করেন। নবদম্পতিদের উদ্দেশে তিনি বলেন, “বিয়েতে অতিরিক্ত খরচ না করে, সমাজের কল্যাণে যেন সেই টাকা দান করা হয়।”
গুজরাটের ভাবনগরের জওহর ময়দানে ‘পাপা নি পরী’ নামে গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে ৫৫১ জন যুবতী, যারা পিতৃহারা হয়েছেন, তাদের বিয়ে দেওয়া হয়। সেই অনুষ্ঠানে মোদি বলেন, “আত্মীয়দের চাপে পড়ে আলাদা করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করার বদলে সেই টাকা সঞ্চয় করুন নিজের সন্তানদের জন্য।”
গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনও তিনি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিতেন বলে জানিয়ে মোদি বলেন, “গুজরাট ধীরে ধীরে গণবিবাহের রীতি গ্রহণ করছে। আগে বিয়ের অনুষ্ঠানে আর্থিক বৈভব দেখানোর জন্য সাধারণ মানুষ ধারদেনা করতেন। কিন্তু বর্তমানে মানুষ সতর্ক হয়েছেন। গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন অনেকে।”