আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে কি বিপদ আসন্ন? কলকাতার আকাশে রহস্যময় আলো দেখে চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব মেদিনীপুরে আকাশে অদ্ভূত আলো নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা পূর্ব মেদিনীপুরে জেলায় আকাশে এই অদ্ভূত আলো দেখে মানুষের মধ্যে উৎসাহ তৈরি হয়।
পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগণার মতো জেলাগুলিতেও এই অদ্ভূত আলো দেখা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে থেকে আকাশ ধরে এই আলো ক্রমশ এগিয়ে আসতে দেখে সাধারণ বাসিন্দাদের জেট বিমান বলে মনে হলেও পরবর্তী সময়ে তাদের ভুল ভাঙে।
অনেকের ধারণা এই অদ্ভূত আলো উল্কা বা ধুমকেতু হতে পারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এই আলো ঠিক যেন স্পট লাইটের মতো। কোনও একটি নির্দিষ্ট উৎস থেকে আলো বেরিয়ে গোটা আকাশে তা ছড়িয়ে গিয়েছে। আলো দেখামাত্র মানুষজন রাস্তায় বেরিয়ে পরে আকাশের দিকে হাঁ করে তাকিয়ে থাকেন। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গা থেকে এই আলো দেখা গিয়েছে। রাস্তাঘাটে রীতিমতো ভিড় জমে যায়।
শীত পড়তে না পড়তে দিঘাতে পর্যটকদের ভিড়। প্রত্যেকদিনের মতো এদিন সন্ধে বেলা সমুদ্র সৈকতে পর্যটকেদের আনাগোনা চলছিল। আকাশে অদ্ভূত আলো দেখে প্রাথমিক হকচকিয়ে গিয়েছিলেন তারা। পর এই অদ্ভূত আলো দেখতে সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বহু মানুষ এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন।
কি এই আলো? কোথা থেকে এলো ? কোথায় গিয়ে পড়ল? এই সকল প্রশ্ন সকলের মনে ঘুরপাক খাচ্ছে। প্রসঙ্গে, কাপগাড়ি সেবা ভারতী মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ডঃ প্রণব সাউ বলেন, "এদিন সন্ধ্যা নামার সময় আকাশে যে আলো দেখা গিয়েছে তা আসলে উল্কাপিণ্ড।
কারণ অনেক সময় মহাজাগতিক কারণে নক্ষত্র থেকে কোনও একটি অংশ খসে পড়ার পর তা যখন পৃথিবীর দিকে ছুটে আসে তখন বায়ুমণ্ডলের সংস্পর্শে আসতে তা জ্বলে ওঠে। প্রচণ্ড গতি থাকার কারণে অল্প সময়ের মধ্যেই তা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এটি যদি ধুমকেতু হত তাহলে এটি ধীর গতিতে মুভমেন্ট করত এবং একটি লেজ দৃশ্যমান হত। তাই আমার মনে হয় এটি একটি উল্কাপাতের ঘটনা।"
প্রণব সাউ বলেন, "জ্যোতির্বিজ্ঞানের ক্যালেন্ডার অনুযায়ী এই বছরের ১৪ ও ১৫ ডিসেম্বর উভয় গলার্ধে এই ধরনের উল্কাবৃষ্টি দেখতে পাওয়ার সম্ভাবনা ছিল। যে সকল জায়গায় আকাশ পরিষ্কার ছিল, সেই সকল জায়গায় এই উল্কাবৃষ্টি দেখতে পাওয়া গিয়েছে।" সূত্র: এই সময়