আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাট বিধানসভায নির্বাচনে দেশের সবচেয়ে পুরানো দলের এমন শোচনীয় অবস্থার জন্য দায়ী আম আদমি পার্টি। শুক্রবার এমনই দাবি জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুধু তাই নয়, তার আরও দাবি, “যদি আম আদমি পার্টি না থাকত, তাহলে বিজেপি আসতে পারত না।”
এদিন অরবিন্দ কেজরিয়ালের আম আদমি পার্টিকে বিজেপির বি দল বলেও কটাক্ষ করেন রাহুল গান্ধী। তিনি বলেন, “গুজরাটে প্রক্সি দিয়েছে আপ। অরবিন্দ কেজরিওয়ালের দল বিজেপির ‘বি’ দল এবং তারা সমঝোতা করেই কংগ্রেসের উপর আঘাত হেনেছে।” আপ না থাকলে বিজেপি গুজরাটে হারতো এবং কংগ্রেস-ই সরকার গড়ত বলে দাবি সনিয়া-পুত্রের।
এদিন সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকেও একহাত নিয়েছেন রাহুল গান্ধী। বিজেপির বিরুদ্ধে ‘ভারত ভাগ করা’ এবং ‘ঘৃণা ছড়ানোর’ অভিযোগ তুলে রাহুল গান্ধী বলেন, “এটা খুব স্পষ্ট যে, বিজেপি ভারত ভাগ করতে চায়। তারা ঘৃণা ছড়ায় এবং খুব সচেতনভাবেই এটা তারা করে।”
এ প্রসঙ্গে আঞ্চলিক দলগুলিকেও কটাক্ষ করেন তিনি। তার কথায়, আঞ্চলিক দলগুলির বিজেপিকে পরাজিত করার কোনও দূরদৃষ্টি নেই। রাহুল গান্ধীর মতো একই সুর শোনা যায় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের গলায়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “কংগ্রেসকে হারাতে আম আদমি পার্টি বড় ভূমিকা পালন করেছে।”
গেহলটের অভিযোগ, “আম আদমি পার্টি সব জায়গায় মিথ্যা প্রতিশ্রুতি দেয়।” এছাড়া বিজেপি টাকা দিয়ে ভোট কিনেছে এবং কংগ্রেস সমর্থকদের ভয় দেখিয়েছে বলে অভিযোগ গেহলটের। অন্যদিকে, বিজেপির সঙ্গে সমঝোতার অভিযোগ অস্বীকার করে আম আদমি পার্টির পাল্টা দাবি, বিজেপিই তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী।
উল্লেখ্য, এবারের গুজরাট বিধানসভা নির্বাচনে ১৮২টি আসনের মধ্যে ১৫৬টি আসনে জয় পেয়েছে বিজেপি। কংগ্রেস পেয়েছে মাত্র ১৭ টি আসন। যা গতবারের নির্বাচনের থেকে অনেকটাই কম। কোনক্রমে পাঁচটি আসনে জয়লাভ করে আম আদমি পার্টি। এরপরই অভিযোগ ওঠে, আম আদমি পার্টির বিধায়কেরা বিজেপির সঙ্গে যোগাযোগ করছে। যদিও তারা কেউই যাননি।