আন্তর্জাতিক ডেস্ক: পুলিশ ইউনিফর্ম পরা অবস্থায় নেচে রীতিমতো বিপদে পড়েছেন দিল্লির এক পুলিশ কর্মকর্তা। পারিবারিক অনুষ্ঠানে তার সেই নাচের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ।
তার ব্যাপারে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নেওয়া হতে পারে বলে খবর সূত্রের। দক্ষিণ-পশ্চিম দিল্লির ওই পুলিশ কর্মকর্তার নাম শ্রীনিবাস। তিনি নারায়ানা থানার দায়িত্বে আছেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ‘বালাম থানেদার’ গানের সঙ্গে নাচছেন তিনি। যে গানের অর্থ ‘আমার প্রেমিক একজন পুলিশ।’
এক পরিবারের সদস্যের বাগদান অনুষ্ঠানে তিনি পুলিশের পোশাক পরা অবস্থায় নেচেছিলেন। জানা যায় এসময় তিনি ছুটিতেও ছিলেন। ওয়াকিবহাল মহলের মত, গানের সঙ্গে তাল মেলানোর জন্যই তিনি পুলিশের পোশাক পরেছিলেন। এই ঘটনায় খোদ পুলিশের মধ্যেই বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষেই মত দিচ্ছেন অনেকে।