বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ০৬:১৭:৪৪

সমর্থকদের ভয়ে মাথায় ক্রিকেটের হেলমেট পরেই সভায় নেতা

সমর্থকদের ভয়ে মাথায় ক্রিকেটের হেলমেট পরেই সভায় নেতা

আন্তর্জাতিক ডেস্ক: কংগ্রেস সমর্থকদের ভয়ে মাথায় ক্রিকেটের হেলমেট পরে সভা সারলেন এক বিজেপি নেতা। সোমবার ছত্তিশগড়ের দুর্গ জেলায় অজয় চন্দ্রকর নামে ওই বিজেপি বিধায়ককে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। 

এর পরের দিন এক প্রতিবাদ সভায় চন্দ্রকরকে দেখা যায় হেলমেট পরে হাজির হতে। যা কার্যত ছত্তিশগড়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। ওই বিধায়ক ধামতারি জেলার কুরুদ বিধানসভার জনপ্রতিনিধি। সোমবার দুর্গ জেলার সুপেলা গ্রামের জনসভায় বক্তৃতা শেষ করতেই তাকে লক্ষ্য করে পাথর উড়ে আসে।

চন্দ্রকরের অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে কংগ্রেস সমর্থকরা। হাতে গোনা যে কয়েকটি রাজ্য কংগ্রেস ক্ষমতায় রয়েছে, তার মধ্যে ছত্তিশগড় অন্যতম। সেখানেও ভূপেশ বাঘেলের নেতৃত্বাধীন সরকারকে ফেলে ক্ষমতা দখলের চেষ্টা চালাচ্ছে বিজেপি নেতৃত্ব বলে অভিযোগ তুলেছে কংগ্রেস।

চন্দ্রকর অবশ্য নিজের অভিযোগের ব্যাপারে অনড়। তিনি বলেন, ‘আমি মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি বার্তা পাঠিয়েছি। তাদের জানিয়েছি যে ছত্তিশগড় পুলিশ জনসাধারণের নিরাপত্তার দায়িত্ব পালন করে না। শুধুমাত্র নেতা-মন্ত্রী এবং ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্ব পালন করে। 

এই রাজ্যের কিছু পুলিশকর্মী কোনও কোনও রাজনীতিবিদের কুকুরের দেখাশোনা কর। কেউ আবার রাজনীতিবিদের পরিবারের লোকজনের দেখভাল করে। তাই সাধারণ জনগণের নিরাপত্তার জন্য নতুন পুলিশ বাহিনী প্রয়োজন। আমার মতো একজন প্রাক্তন মন্ত্রীর ওপর যখন পাথর ছুড়ে মারা হতে পারে, তখন একজন সাধারণ মানুষের দুর্দশার কথা সহজেই বোঝা যায়।’

কংগ্রেস অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। একইসঙ্গে প্রদেশটির কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন যে, ওই বিধায়ক তার নির্বাচনী এলাকায় ঠিকমতো কাজ করেননি। তাই নিয়ে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। জনগন থেকেই পাথর ছোড়ার ঘটনাটি ঘটেছে বলেই অভিযোগ কংগ্রেস নেতৃত্বের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে