শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ১২:২২:৪১

খুন-ছিনতাই-পকেটমারি, অবশেষে পুলিশের হাতে গ্রেফতার 'মেসি গ্যাং'

খুন-ছিনতাই-পকেটমারি, অবশেষে পুলিশের হাতে গ্রেফতার 'মেসি গ্যাং'

আন্তর্জাতিক ডেস্ক: একটা সময় লিওলেন মেসিই ছিলেন অনুপ্রেরণা। তাকে দেখেই ফুটবল পায়ে মাঠে নামা। কিন্তু ফুটবলার হওয়ার ইচ্ছাপূরণ হয়নি। উলটে একের পর এক অপরাধে লিপ্ত হয়ে পুলিশের ‘ওয়ান্টেড’ তালিকায় নাম তোলেন ৪৩ বছরের পিংকু। 

অবশেষে খুন-ছিনতাই-পকেটমারি , অবশেষে পুলিশের হাতে গ্রেফতার 'মেসি গ্যাং'। পিংকুকে ও তার ৩ সঙ্গীকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত অজয় কুমার, পুম্মি, ফিরোজ খান ও তাদের নেতা পিংকুদের গ্যাংয়ের নাম ‘মেসি গ্যাং’। 

ভারতের রাজধানীর বিভিন্ন প্রান্তে তারা মূলত পকেটমারি করত। তাদের বিরুদ্ধে দিল্লির বিভিন্ন থানায় অন্তত ৫৫টি অভিযোগ দায়ের হয়েছিল। তাদের কাছ থেকে ৫৬টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। গ্যাংয়ের নেতা পিংকুর বিরুদ্ধে খুন, অবৈধ হাতিয়ার রাখার মতো কমপক্ষে ১০টি অভিযোগ রয়েছে।

দিল্লি দক্ষিণের ডেপুটি কমিশনার চন্দন চৌধুরী জানান, গত ২০ ডিসেম্বর পুলিশের একটি টিম সিআর পার্ক এলাকায় টহলদারি করছিল। সেই সময়ই একটি অটোর সন্দেহজনক উপস্থিতি লক্ষ্য করেন আধিকারিকরা। অটোর ভিতর ৪জন বসেছিল। পুলিশ জানতে চায়, তারা সেখানে কী করছে। 

প্রথমে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করলেও তাদের চেপে ধরতেই বেরিয়ে আসে ১১টি মোবাইল ফোন। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, ফোনগুলি চুরি করেছে তারা। এরপর চারজনকে গ্রেপ্তার করা হলে তাদের কাছ থেকে আরও ৪৫টি ফোন উদ্ধার হয়। বাজেয়াপ্ত করা হয়েছে অটোটিকেও।

পুলিশি জেরায় চারজন স্বীকার করে, গত ৪-৫ বছর ধরে তারা দিল্লির একাধিক প্রান্তে পকেটমারি করছে। জনবহুল এলাকায় ঢুকে ভিড়ের মধ্যে থেকে ছিনতাই করে অটোয় চেপে পালাত তারা। গ্যাংয়ের নেতা মেসি ভক্ত, ফুটবল খেলতে ভালবাসে। কিন্তু খুনের মতো অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে