আন্তর্জাতিক ডেস্ক: ভারতের স্বাস্থ্যমন্ত্রীর যাত্রা বন্ধের আবেদনের মধ্যেই কংগ্রেসের ভারত জো়ড়ো যাত্রা প্রবেশ করেছে দেশটির রাজধানী দিল্লিতে। শনিবার পদযাত্রায় রাজধানীর পথে রাহুলের পাশে দেখা গেল বিখ্যাত অভিনেতা তথা রাজনীতিবিদ কমল হাসানকে।
এ ছাড়াও প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সানিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, জয়রাম রমেশ ও রিয়া সেনদেরও দেখা গেল রাহুলের দুই পাশে। রাজধানীতে পদযাত্রায় কংগ্রেসের নেতা-কর্মীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
শনিবার ভোরে উত্তরপ্রদেশের ফরিদাবাদ থেকে দিল্লিতে প্রবেশ করে যাত্রা। বদরপুর সীমানায় রাহুলদের জন্য অপেক্ষা করছিলেন দিল্লির প্রদেশ সভাপতি অনিল চৌধুরি। তিনি উত্তরীয় পরিয়ে রাহুলসহ নেতৃত্বকে দিল্লিতে স্বাগত জানান। ওঠে রাহুল গান্ধী জিন্দাবাজ স্লোগান। তারপর পায়ে পায়ে এগিয়ে যায় কংগ্রেসের পদযাত্রা।
এ দিন কর্মী, সমর্থকদের রাহুল বলেন, ‘‘এই যাত্রার মূল উদ্দেশ্য হল, সর্বব্যাপী ঘৃণার বাজারে প্রেমের দোকান খোলা।” শনিবার বিকালে ভারত জোড়ো যাত্রা পৌঁছবে দিল্লীর লালকেল্লার ফটকে। সেখানে ৯ দিনের বিরতি ঘোষিত হবে। আগামী ৩ জানুয়ারি একই জায়গা থেকে ফের শুরু হবে পদযাত্রা।