বুধবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:৪৭:১৭

ভয়াবহ বাস দুর্ঘটনা, ২১ জনের মৃত্যু

ভয়াবহ বাস দুর্ঘটনা, ২১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ বাস দুর্ঘটনা, পাকিস্তানে বাসের সঙ্গে কারের সংঘর্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১২ জন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার রাতে দেশটির খাইবার পাকতুনখাওয়ার কোহিস্তানে দুর্ঘটনার পর দুটি গাড়ি খাদে পড়ে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে। খবর ডনের। 

স্থানীয় পুলিশ কর্মকর্তা শের খান বলেন, যাত্রীবাহী বাসটি ঘিজার থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল, আর কারটি বিপরীত দিক থেকে আসছিল। নিহতদের মধ্যে ১৬ জন বাসের ও পাঁচজন কারের যাত্রী ছিলেন। 

দুর্ঘটনার সময় বাসটিতে ঠিক কতসংখ্যক যাত্রী ছিলেন সে তথ্য সংগ্রহ করা হচ্ছে, একইসঙ্গে কারটিতে থাকা যাত্রী সংখ্যার তথ্যও জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া আহতরা যেন যথাযথ চিকিৎসা পায় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক তথ্যনুযায়ী, ২০১৮ সালে পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ২৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে