আন্তর্জাতিক ডেস্ক: গত সোমবার তুরস্ক, সিরিয়ায় ভ'য়াব'হ ভূমিকম্প হয়। যার রেশ কাটতে না কাটতেই এবার ভূমিকম্পে কেঁপে উঠলো ভারতের গুজরাট। যদিও কম্পনের তীব্রতা ছিল না। শনিবার মধ্যরাতে কম্পন অনুভূত হয়েছে সুরাটে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮। এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
ইনস্টিটিউট অফ সিসমোলজিক্যাল রিসার্চের আধিকারিকরা জানিয়েছেন, শনিবার রাত ১২টা ৫২ মিনিটে ভূকম্প অনুভূত হয় সূরাটে। কম্পনের উৎসস্থল ছিল সুরাট থেকে ২৭ কিমি দূরে, হাজারিয়ার কাছে আরব সাগরে। কম্পনের জেরে এলাকায় কোনও বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি। আহত হননি কোনও বাসিন্দাই।
প্রসঙ্গত, ২০০১ সালে গুজরাটের কচ্ছ এলাকায় সবচেয়ে ভয়াবহ ও শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। ১৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন লক্ষাধিক। গত সোমবার থেকে পরপর ৫ বার ভূমিকম্প হয় তুরস্ক, সিরিয়ায়। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৫ হাজারের বেশি মানুষ।