বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০৬:৪৭:৩৮

মমতার গাড়ির সামনে হঠাৎ এক তরুণী, অতঃপর...

মমতার গাড়ির সামনে হঠাৎ এক তরুণী, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গতকালই বিধায়ক পরিচয় দিয়ে বিধানসভার ভেতরে ঢুকে গিয়েছিলেন এক ব্যক্তি। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরেও নিরাপত্তায় বড়সড় গলদের অভিযোগ। পুলিশের ব্যারিকেড ভেঙেই মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে পৌঁছে যান এক অজ্ঞাতপরিচয় তরুণী। ওই তরুণীকে দেখে অবশ্য গাড়ি থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে কথাও বলেন।

তবে এ ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তাব্যবস্থায় বড়সড় গলদ ধরা পড়েছে। জেলা সফরে এদিন প্রথমে মেদিনীপুর শহরে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। সকালে মেদিনীপুর সার্কিট হাউস থেকে বেরিয়ে সভাস্থলে রওনা দেন তিনি। মুখ্যমন্ত্রীর যাওয়ার পথের দুই ধারে প্রচুর পুলিশকর্মী এবং সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়। মুখ্যমন্ত্রীর কাছে যাতে কেউ যেতে না পারেন, তা নিশ্চিত করতে দড়ি দিয়ে রাস্তার দুই পাশে আটকেও দেওয়া হয়।

কিন্তু এলআইসি চকের কাছে মুখ্যমন্ত্রীর গাড়ি পৌঁছতেই দড়ির নিচ দিয়ে গলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে চলে আসেন ওই তরুণী। ওই তরুণীর সামনেই ছিলেন এক সিভিক ভলান্টিয়ার। তিনি চেষ্টা করেও ওই তরুণীকে আটকাতে পারেননি।

প্রথমে মুখ্যমন্ত্রীর গাড়ি ওই তরুণীকে ছাড়িয়ে চলে গেলেও ওই তরুণীকে দেখে গাড়ি থামানোর নির্দেশ দেন মমতা। তখনই তার কাছে এগিয়ে যান ওই তরুণী। ততক্ষণে অবশ্য মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরাও চলে আসেন। গাড়িতে বসেই ওই তরুণীর সঙ্গে কয়েক সেকেন্ড কথা বলেন মুখ্যমন্ত্রী। এরপর সভাস্থলের উদ্দেশ্যে এগিয়ে যায় তার গাড়িবহর।

এ ঘটনার পরই ওই তরুণীকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। কেন তিনি মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে চলে গেলেন, তা অবশ্য জানা যায়নি।

এদিকে গতকাল বিধানসভার বাজেট অধিবেশন চলাকালীন বিধায়ক পরিচয় দিয়ে বিধানসভার ভেতরে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েন এক ব্যক্তি। দুটি নিরাপত্তা বলয় পেরিয়েছিলেন তিনি। পরে জানা যায়, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। সূত্র : নিউজ১৮

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে