রবিবার, ০৫ মার্চ, ২০২৩, ১০:৩৬:৩৭

বিজ্ঞপ্তি জারি ভারতে, যে নিয়মে কিনতে হবে সোনা

বিজ্ঞপ্তি জারি ভারতে, যে নিয়মে কিনতে হবে সোনা

আন্তর্জাতিক ডেস্ক : নতুন অর্থবছরের শুরুতেই ভারতের বাজারে অনেক নিয়ম-কানুন বদলে যাচ্ছে। ফেব্রুয়ারিতে পাস হওয়া বাজেট প্রয়োগ হবে এপ্রিল থেকে। ফলে বিভিন্ন সামগ্রীতে দরদামেও পরিবর্তন হওয়া স্বাভাবিক। তবে এবার দেশটিতে বদলাচ্ছে সোনা কেনার নিয়ম। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সদ্য বিজ্ঞপ্তি জারি করে নতুন নিয়মের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছয় সংখ্যার হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন বা এইচইউআইডির কথা, যা ভালোভাবে খতিয়ে না দেখে সোনা কিনলে কষ্ট করে জমানো টাকা দিয়ে কেনা সোনার গয়নাটি মুহূর্তেই বাতিল হয়ে যেতে পারে।

ভারতের সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুসারে, ১ এপ্রিল থেকে সোনার গয়না কিনলে তাতে ছয় সংখ্যার হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন বা এইচইউআইডি রয়েছে কি না তা দেখে নিতে হবে। কারণ সোনায় সেই সংখ্যা থাকা বাধ্যতামূলক। এই এইচইউআইডি হবে আলফানিউমেরিক, অর্থাৎ সংখ্যার সঙ্গে বর্ণও থাকবে। সোনা কেনার সময় প্রতারণা ঠেকাতে এই নতুন নিয়ম চালুর কথা ভেবেছে দেশটির উপভোক্তা বিষয়ক মন্ত্রণালয়। নতুন কেনা সোনায় এই এইচইউআইডি না থাকলে তা ‘অবৈধ’ বলে গণ্য করা হবে।

এখনকার সোনার গয়নায় যে হলমার্ক থাকে, তা চার সংখ্যার। ১ এপ্রিল থেকে তা বদলে যাবে ছয় সংখ্যায়। ফলে ওই দিন থেকে ভারতের ক্রেতারা যা কিনবেন, তাতে ওই ছয় সংখ্যার নম্বর থাকা বাধ্যতামূলক।

এ ছাড়াও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, যারা পুরনো সোনার গয়না বদলে নতুন গয়না কেনার কথা ভাবছেন, তারাও অবশ্যই এইচইউআইডি দেখে যেন নতুন গয়নাটি কেনেন।

উল্লেখ্য, ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে ভারতের কেন্দ্রীয় সরকার সোনার গয়না কেনার ক্ষেত্রে হলমার্ক বাধ্যতামূলক করেছে। ক্রেতাদের সুরক্ষার জন্যই এ সিদ্ধান্ত। হলমার্কের ওই নম্বরে প্রতারণা ঠেকানোর পাশাপাশি গয়না সম্পর্কে যাবতীয় তথ্যও মিলবে। সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে