আন্তর্জাতিক ডেস্ক : টেক্সাস সীমান্তবর্তী মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য তামাউলিপাসের মাতামোরাস এলাকা থেকে চার মার্কিন নাগরিককে অপহরণ করেছে অস্ত্রধারীরা। অপহৃত হওয়া চারজন মার্কিন নাগরিকের মধ্যে দুজনের মরদেহ পাওয়া গেছে।
বাকি দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ বুধবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ৩ মার্চ শুক্রবার টেক্সাস সীমান্তবর্তী মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য তামাউলিপাসের মাতামোরাস এলাকা থেকে ওই চার মার্কিন নাগরিককে অপহরণ করে অস্ত্রধারীরা।
এ ঘটনায় তামাউলিপাস থেকে ২৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই চার মার্কিনি কসমেটিক সার্জারির জন্য মেক্সিকোতে গিয়েছিলেন বলে জানিয়েছেন তাদের স্বজনরা।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানিয়েছে, জীবিত উদ্ধার হওয়া দুজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ বলেছেন, ‘আমরা অত্যন্ত দুঃখিত যে আমাদের দেশে এটি ঘটেছে। আমরা নিহতদের পরিবার, বন্ধু ও মার্কিন সরকারের প্রতি সমবেদনা জানাই। শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে আমরা আমাদের কাজ চালিয়ে যাব।’