আন্তর্জাতিক ডেস্ক : প্রেম-ভালোবাসা, বিয়ে নিয়ে দুনিয়ায় কত অদ্ভুত ঘটনাই না ঘটে!। খবরের পাতায় উঠে আসে একের পর এক আজব ঘটনা। কখনো বর কনের বোনের মাথায় সিঁদুর পরিয়ে দেন, কখনো বিয়ের আসর থেকে কনে পালিয়ে যান পুরোনো প্রেমিকের সঙ্গে।
স্বামী থাকা সত্ত্বেও প্রেমিকের সঙ্গে বিয়ে করিয়ে দেওয়ার দাবি নিয়ে থানায় হাজির হয়েছেন এক তরুণী। এমন নয় যে তিনি স্বামীকে ডিভোর্স দেবেন। তার স্বামীকেও চাই, প্রেমিককেও চাই! এ কারণে কান্নাকাটি করে লুটিয়ে পড়ছেন পুলিশ সদস্যদের পায়ের কাছে।
ভারতের উত্তর প্রদেশের এ রকমই একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল শনিবার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিয়ের সাজে সেজে থাকা এক তরুণী বলছেন, ‘দুটি বিয়ে করব, দুটি বিয়ে’। বলতে বলতে উত্তেজিত হয়ে পড়েন তিনি।
ওই তরুণী তার প্রেমিককে বিয়ে করতে চান ঠিকই, কিন্তু স্বামীকে ছাড়তে নারাজ। তার এমন দাবি শুনে পুলিশ সদস্যরা তাকে থানা থেকে বেরিয়ে যেতে বললে বেজায় ক্ষেপে যান তিনি। পুলিশের সঙ্গে হাতাহাতি পর্যন্ত শুরু করে দেন। রাগের মাথায় এক পুলিশ সদস্যের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে আছাড়ও মারেন তিনি।
তরুণীর স্বামী জানিয়েছেন, তার স্ত্রীর নাম কাজল শর্মা। বিয়ের পরেও প্রেমিকের সঙ্গে কথা হতো তার। তিনি বলেন, “একসময় সে (স্ত্রী) আমাকে জানায়, প্রেমিককে বিয়ে করতে চায়। একসঙ্গে দুজনেরই সংসার করতে চায় সে। আমি তাকে বলি, এমনটি সম্ভব নয়। তাই পুলিশের কাছে গিয়ে দাবি জানায় সে।”